ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - থুয়াম ফ্রাঙ্কের হ্যাট্রিকের সুবাদে বাংলাদেশ লিগে মঙ্গলবার ঢাকা আবাহনী ৪-২ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। দিনের অন্য খেলায় শেখ রাসেল ২-২ গোলে ড্র করে রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে।
তিন গোল দিয়ে শীর্ষ গোলদাতা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সুদানের আক্রমণভাগের খেলোয়াড় জেমস মগা ও মিথুন চৌধুরীরকে ছুঁয়ে ফেললেন ফ্রাঙ্ক। তিনজনই গোল দিয়েছেন ১৩টি করে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আবাহনী। ২১ মিনিটে শাখাওয়াত হোসেন রনির গোলে এগিয়ে যায় দলটি। মাঝমাঠ থেকে ইবনুল সিরাজী লম্বা-শটে বল ফেলেন ফরাশগঞ্জের বক্সে। বল পেয়ে যান ইব্রাহিম। শটও নেন তিনি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে আসে শাখাওয়াতের কাছে। সঙ্গে সঙ্গে শট নেন তিনি। বল আশ্রয় নেয় ফরাশগঞ্জের জালে।
ছয় মিনিটের মধ্যে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আবাহনী। অধিনায়ক প্রাণতোষ কুমার মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু ক্রসবারে লেগে বল ফিরে আসে।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে আবাহনী। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ফ্রাঙ্ক। প্রাণতোষ কুমারকে ফরাশগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় সৈকত অবৈধভাবে মাটিতে ফেলে দিলে রেফারি আজাদ রহমান পেনাল্টির নির্দেশ দেন।
চার মিনিট পর ইব্রাহিমের বাড়ানো বল পেয়ে আলতো শটে আরেকটি গোল করেন ফ্রাঙ্ক।
দুই মিনিট পর একটি গোল শোধ করে ফরাশগঞ্জ। মাঝ মাঠ থেকে বল পেয়ে সোহেল রানা ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। এরপর গোলরক্ষক সুজন চৌধুরীকে কাটিয়ে বল জড়িয়ে দেন জালে।
খেলার ৭৫ মিনটে ফরাশগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ফ্রাঙ্ক। বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে রক্ষণভাগের খেলোয়াড় সানীকে কাটিয়ে বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়।
এক মিনিটের মধ্যে আরেকটি গোল শোধ করে ফরাশগঞ্জ। দলের আক্রমণভাগের কঙ্গোর খেলোয়াড় সিও জুনাপিওকে আবাহনীর রক্ষণভাগের খেলোয়াড় ইউসুফ অবৈধভাবে মাটিতে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল দেন সোহেল রানা।
এর আগে স্বাধীনতা কাপে আবাহনীকে টাইব্রেকারে ২-১ গোলে হারায় ফরাশগঞ্জ।
এ জয়ের ফলে ১৪ খেলায় ঢাকা আবাহনীর সংগ্রহ ৩২ পয়েন্ট। দলটি আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। সমান খেলায় ফরাশগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।
শেখ রাসেল-রহমতগঞ্জ
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জের আক্রমণভাগের উগান্ডার খেলোয়াড় ইদ্রিস কাসিরি ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন।
প্রথমার্ধে এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রহমতগঞ্জ।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। তবে গোলের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় দলটিকে। ৭১ মিনিটে মানিকের গোলে খেলায় সমতা ফেরায় শেখ রাসেল।
কিছুক্ষণের মধ্যে আরেকটি গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। গোল দেন দলের আক্রমণভাগের মরোক্কোর খেলোয়াড় ইউনেস।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারেনি শেখ রাসেল। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ইদ্্িরস কাসিরি পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলায় সমতা ফেরান।
শেখ রাসেল ১৪ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সমান খেলায় রহমতগঞ্জ ১৭ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩৬ ঘ.
bdnews24