ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় নাজরানা খান ইভার সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্ন্তজাতিক মহিলা মাস্টার নারায়ণগঞ্জের শামীমা আক্তার লিজা।
দুই জনেরই পয়েন্ট ৬ খেলায় ৫ করে।
প্রতিযোগিতায় সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে একই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার তিতাস ক্লাবের রানী হামিদ ও ডেসটিনির শারমিন সুলতানা শিরিন।
৬ষ্ঠ পর্বের খেলায় ইভা ড্র করেন রানী হামিদের সঙ্গে। আর লিজা হারান ঢাকার জাহানারা হক রুনুকে।
এছাড়া শিরিন কুষ্টিয়ার দিলারা জাহান নুপুরকে, চট্টগ্রামের মাহমুদা হক মলি বরিশালের মাসুদা বেগমকে, পাবনার আরিফা খাতুন মনি একই জেলার রোকসানা তিতলীকে, মহিলা ফিদে মাস্টার ঢাকা মেট্ট্রোপলিটন চেজ ক্লাবের জাকিয়া সুলতানা মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আক্তার তানিকে হারান।
মঙ্গলবার সপ্তম পর্বে মাসুদা ও রুনু, নুপুর ও মলি, জাকিয়া ও শিরিন, রানী হামিদ ও তানি, তিতলী ও ইভা এবং লিজা ও মনি একে অপরের মুখোমুখি হবেন।
খেলা শুরু হবে দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩০২ ঘ.
bdnews24