ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। দিনের অপর খেলায় ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার মুক্তিযোদ্ধা খেলার শুরুতেই চেপে ধরে আরামবাগকে। ১৪ মিনিটেই মিথুন চৌধুরীর গোলে এগিয়ে যায় দলটি। ডান প্রান্ত থেকে জাহেদ পারভেজ আড়াআড়িভাবে বল সামান্য ভাসিয়ে ফেলেন আরামবাগের বক্সে। ঝাঁপিয়ে পড়ে মাথা দিয়ে মিথুন বল পাঠিয়ে দেন জালে।
এ গোলটি করে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেলেন মিথুন। অবশ্য এই তালিকায় মিথুনের সঙ্গে ভাগ বসিয়েছেন তার দলের সুদানের খেলোয়াড় জেমস মগা। দু'জনই গোল দিয়েছেন ১৩টি করে।
কিছুক্ষণ পর খেলায় সমতা ফেরানোর সুযোগ পায় আরামবাগ। ২২ মিনিটে মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে একা পান আরামবাগের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় বেঞ্জামিন কুপার। শটও নেন তিনি। কিন্তু বিপ্লবের হাতে লেগে বল চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পেরেছে কেবল দু'টো।
৪৭ মিনিটে দলের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় বরিস কচিকিন ব্যবধান বাড়ান। বাঁ প্রান্ত থেকে মগার বাড়ানো বল ধরেই তীব্র শট নেন তিনি। আরামবাগের গোলরক্ষক বিপ্লব কুমার বিষ্ণুুর কিছু বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে।
আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মগা। ডান প্রান্ত থেকে বরিসের বাড়ানো বল দেখেশুনে পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়। লিগে মগার এটি ১৩ তম গোল।
এই খেলায় জেতার ফলে মুক্তিযোদ্ধা পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল। ১৪ খেলায় দলটির পয়েন্ট ৩৫। সমান খেলায় আরামবাগ ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
ব্রাদার্সের জয়
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ব্রদার্স জিতলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ) প্রথম গোল করেন তন্ময় হোসেন তরু। এভারটনের হাওয়ায় ভাসানো বল মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।
দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাদার্সকে। ৫৮ মিনিটে দলের মাঝ মাঠের ব্রাজিলের খেলোয়াড় এভারটনের কাছ থেকে বল পেয়ে তীব্র শট নেন। বল জড়িয়ে যায় জালে।
এই জয়ের ফলে ১৪ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে পঞ্চম স্থানে। সমান খেলায় ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ফেনী।
বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৩ ঘ.
bdnews24