২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় শিরোপা জয়ের পথে বার্সা

এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা প্রায় মুঠোয় ভরে ফেলেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা প্রায় মুঠোয় ভরে ফেলেছে বার্সেলোনা। লিগে এখনো দলটির তিন খেলা বাকি। তালিকার দ্বিতীয় দল রিয়াল মদ্রিদের চেয়ে এগিয়ে আছে ৮ পয়েন্ট। এ নিয়ে টানা তৃতীয়বার শিরোপা ঘরে তুলতে যাচ্ছে বার্সেলোনা। ৩৫ খেলায় দলটির পয়েন্ট ৯১। এসপানিওলের বিপক্ষে রোববার গোল দু'টো দেন আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে। খেলার ২৯ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন ইনিয়েস্তা। যদিও অধিনায়ক আর্নেস্তো গালানের ভুলেই গোলটি হজম করতে হয় এসপানিওলকে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে প্রথম আক্রমণ চালায় এসপানিওল। দলের মাঝমাঠের খেলোয়াড় হোসে কলেজোন বল ঠেলে দেন আক্রমণভাগের খেলোয়াড় ইভান অ্যালোনসোকে। তবে অ্যালোনসোর কাছ থেকে বল কেড়ে নিয়ে তখনকার মতো দলকে বিপদ মুক্ত করেন বার্সার রক্ষণভাগের খেলোয়াড় পিকে। কিছুক্ষণ পর বল পান লিওনেল মেসি। প্রতিপক্ষের বক্সেও ঢুকে পড়েন তিনি। তখন মনে হচ্ছিল গোলই হয়ে যাবে। তবে মেসিকে ফেলে দিয়ে বল কেড়ে নেন গালান। তবে শেষ রক্ষা হয়নি। ভুল 'পাস' দিয়ে বসেন তিনি। বল চলে যায় ইনিসেস্তার পায়ে। রক্ষণভাগের খেলোয়াড় রাউল রড্রিগুয়েজকে কাটিয়ে শরীরের দুলনিতে গোলরক্ষক কামেনিকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। বিরতির ৩ মিনিট পর ব্যবধান বাড়ান পিকে। জাভির কর্নার-শট মাথা দিয়ে পাঠিয়ে দেন তিনি জালে। দিনের অন্য খেলায় গোল শূন্য ড্র করে ভিলারিয়াল ও মালোর্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫২ ঘ.