ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসিকে রোববার ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৯ বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতার খুব কাছাকাছি পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
৩৬ খেলায় ম্যান ইউর পয়েন্ট ৭৬। সমান খেলায় চেলসির সংগ্রহ ৭০। উভয় দলেরই খেলা বাকি আছে দু'টো করে।
ওল্ড ট্রাফোর্ডে খেলার ৩৬ সেকেন্ডেই ম্যান ইউকে এগিয়ে নেন জাভি হার্নান্দেজ। বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে পিছলে পড়ে যান চেলসির রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড লুই। বল চলে যায় হার্নান্দেজের পায়ে। গোলরক্ষক পিটার চেককে কাটিয়ে বল পাঠিয়ে দেন চেলসির জালে।
হতভম্ব অতিথিদের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ম্যান ইউ। ৩০ ফুট দূর থেকে শট নেন ওয়েন রুনি। কিন্তু বল রুখে দেন চেক।
ম্যান ইউ'র একের পর এক আক্রমণ ঠেকাতে তখন দিশেহারা চেলসির রক্ষণভাগ। হার্নান্দেজ দলকে এগিয়ে নেয়ার আরো একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি।
রুনির আরেকটি শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
ন্যানির বদলে পার্ককে মাঠে নামিয়েছিলেন ফার্গুসন। কোচের সিদ্ধান্ত যে সঠিক তা প্রমাণও করেন পার্ক। ২২ মিনিটে তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন চেক। কর্নার-শট নেন গিগস। হাওয়ায় ভাসনো বল দখলের লড়াইয়ে জেতেন নেমানজা ভিদিচ। রক্ষণভাগের এই খেলোয়াড় মাথা দিয়ে বল জড়িয়ে দেন জালে। ২-০ তে এগিয়ে যায় ম্যান ইউ।
প্রথমার্ধে আরো কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি অ্যালেক্স ফার্গুসনের দল। ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তার দল।
দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তবে নিশ্চিত একটি পেনাল্টির হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে যায়। ম্যান ইউ'র আক্রমণভাগের খেলোয়াড় অন্টোনিও ভালেন্সিয়ার শট হাত দিয়ে ঠেকান চেলসির মাঝমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে তা রেফারির নজর এড়িয়ে যায়।
গোল শোধে মরিয়া চেলসি কোচ কার্লোস আনচেলত্তি কালুকে তুলে নিয়ে মাঠে নামান ফার্নান্দো তোরেসকে। তিনি না পারলেও একটি গোল শোধ করেন ল্যাম্পার্ড, ৬৯ মিনিটে।
শেষ ১০ মিনিটে উভয় দলই একের পর এক আক্রমণ চালাতে থাকে। তবে গোলের দেখা মেলেনি।
দিনের অন্যান্য খেলায় স্টোক সিটি ৩-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। একই ব্যবধানে ওয়েস্ট ব্র"মের বিপক্ষে জিতেছে উলভারহ্যাম্পটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৪ ঘ.
bdnews24