ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার পিছিয়ে পড়েও এভারটন ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। এই খেলায় জিততে পারলে ম্যান সিটির আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে যেত।
দিনের অন্যান্য খেলায় নিউক্যাসল ২-১ গোলে বার্মিংহাম সিটিকে ও একই ব্যবধানে সান্ডারল্যান্ড হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে।
এছাড়া অ্যাস্টন ভিলা ও উইগ্যান অ্যাথলেটিক, টটেনহ্যাম ও ব্ল্যাকপুল এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ব্ল্যাকবার্ন রোভার্সের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।
এভারটনের বিপক্ষে খেলার ২৮ মিনিটে ম্যান সিটির আক্রমণভাগের খেলোয়াড় ইয়াইয়া তোরে গোল করে এগিয়ে নেন দলকে। ওই গোলের পর মনে হচ্ছিল আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে যাচ্ছে রবার্তো মানচিনির দল।
এই গোলের সুবাদে ম্যান সিটি ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এভারটন। এর ফলও পায় তারা হাতেনাতে। খেলার ৬৫ মিনিটে এভারটনকে সমতায় ফেরান রক্ষণভাগের খেলোয়াড় শালভেইন ডিসটিন। ম্যান সিটির সাবেক এই খেলোয়াড় মাইকেল আরটেটার ফ্রি-কিক থেকে বল পান। এরপর বল পাঠিয়ে দেন জালে। যদিও ওই গোলের জন্য অনেকাংশে দায়ী করা যায় ম্যান সিটির গোলরক্ষক জো হার্টকে।
সাত মিনিট পর লিওন ওসমান গোল করলে ২-১ এ এগিয়ে যায় এভারটন। হাওয়ায় ভাসানো বলের দখল নিয়ে লড়াইয়ে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে পরাস্ত করে মাথা দিয়ে বল পাঠান তিনি জালে।
এক গোলে পিছিয়ে থাকায় চাপে পড়ে যায় ম্যান সিটি। দলের খেলোয়াড়রা যে খেই হারিয়ে ফেলেছেন স্পষ্ট হয়ে ওঠে তা। ফলে গোল শোধ করা আর হয়ে ওঠেনি দলটির পক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬০০ ঘ.
bdnews24