ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোর চার গোলের সুবাদে স্পেনের লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়াকে। বাকি গোল দু'টো করেন সার্জিও রামোস ও কাকা।
মৌসুমে এবার নিয়ে দ্বিতীয়বার এক খেলায় চার গোল করলেন রোনালদো। ৩৩টি গোল দিয়ে লিগে তিনি এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন। রোনালদোর ঠিক পেছনেই রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তিনি গোল দিয়েছেন ৩১টি।
ম্যাচ শেষে রোনালদো বলেন, "এই জয় বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়াকে কিছুটা দীর্ঘায়িত করেছে।" একই সঙ্গে তিনি বলেন, "বার্সেলোনা নয়, বরং কিভাবে আমরা সব খেলায় জিতবো সেটাই আমাদের ভাবনার বিষয়।"
নিজেদের মাঠে এভাবে হারার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সেভিয়া কোচ জর্জ মানজেনো। এরপর রিয়াল মাদ্রিদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, "এখন দলটি যেভাবে খেলছে তাতে তাদের বিপক্ষে মাঠে নামা মানেই বিপদ অনিবার্য। দলটি এখন যেন সবকিছু পেছনে ফেলে এসেছে।"
রোনালদো বলেন, "চ্যাম্পিয়ন্স লিগের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম এবং আমরা তা পেরেছি।"
খেলার ২১ মিনিটে গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন রক্ষণভাগের খেলোয়াড় রামোস। মেসুত ওজিলের কর্নার মাথা দিয়ে তিনি পাঠিয়ে দেন জালে।
৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মার্সেলোর ভাসানো বল পেপে মাথা দিয়ে ঠেলে দেন রোনালদোর কাছে। গোল করে নিজের দিনের দারুণ সূচনা করেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
বিরতির ৩ মিনিট আগে কাকার গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে সেভিয়ার গোল করা তো দূরের কথা, গোলপোস্টে একটিও শটও নিতে পারেনি। বরং প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে তাদের।
দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে প্রথম গোলের দেখা পায় সেভিয়া। ৬১ মিনিটে গোল করেন দলের আক্রমণভাগের খেলোয়াড় নেগরেডো। বিষয়টা মনে হয় একদম পছন্দ হয়নি রোনালদোর। তাই ওই এক গোলের বিপরীতে পাঁচ মিনিট পরপর তিনবার তিনি সেভিয়ার জালে বল জড়ান। ফলে ৬-১ এ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
খেলার ৮৪ মিনিটে মৌসুমে নিজের ১৫তম গোল করে হারের ব্যবধান কমান নেগরেডো।
দিনের অন্যান্য খেলায় রেসিং সান্তান্দার ৩-২ গোলে হারকিউলিসকে, মালাগা ৩-০ গোলে আতলেটিকো মাদ্রিদকে, গেতাফে ২-০ গোলে আলমেরিয়াকে, ভালেন্সিয়া ৩-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে ও অ্যাথলেটিক বিলবাও ৩-২ গোলে লেভান্তেকে হারিয়েছে।
আর দেপোর্তিভো লা করুনা ও স্পোর্টিং গিজনের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫০০ ঘ.
bdnews24