ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট রেমন কালডেরনের বিশ্বাস রিয়াল কোচ হোসে মরিনহো উল্টা-পাল্টা বক্তব্য রেখে ক্লাবটির সুনাম ক্ষুন্ন করছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনার কাছে হারের পর দেয়া মরিনহোর বক্তব্যের দিকেই ইঙ্গিত করেছেন কালডেরন।
সেমিফাইনালের প্রথম পর্বে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে যায় রিয়াল। আর ফিরতি ম্যাচে ন্যূ-ক্যাম্পে ১-১ গোলে ড্র করে রিয়াল। দুই পর্ব মিলিয়ে ৩-১ এ হেরে বিদায় নেয় মরিনহোর দল।
প্রথম পর্বে হারের পর মরিনহো ও তার শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো অভিযোগ করেন ওই ম্যাচে তাদের দলের বিপক্ষে বাইরের অবৈধ চাপ ছিলো।
ফিরতি ম্যাচের পরও সংবাদ সম্মেলনে হাতের ইশারায় মরিনহো বোঝাতে চান যে, তাদের বেআইনিভাবে হারানো হয়েছে।
মরিনহোর এই আচরণ পছন্দ হয়নি কালডেরনের। রিয়ালের বর্তমান ফর্ম নিয়েও তিনি সন্তুষ্ট নন। আর এ সবের জন্য তিনি রিয়াল কোচকেই দায়ী করেছেন।
বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে কালডেরন বলেন," রিয়ালের জন্য এই ধরনের কথা-বার্তা খুবই বিপদজনক। বড় দল কখনোই তাদের ভুল বা হারের জন্য রেফারিকে দায়ী করে না।"
"একটি বড় ও শক্তিশালী দল গঠনের জন্য গত দুই বছরে আমরা ৪০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি। তাই হারের জন্য কখনোই চোট, দূর্ভাগ্য, রেফারি বা অন্য কিছুকে দায়ী করা যাবে না।"
"যদি আমরা হারি তবে অবশ্যই বিপক্ষ দলকে শুভেচ্ছা জানাতে হবে। তিনি (মরিনহো) উয়েফা ও রেফারি নিয়ে যেভাবে কথা বলেছেন তা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২৬ ঘ.
bdnews24