ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে মুখোমুখি বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৯ সালে রোমে ফাইনালে এই দল দুটিই মুখোমুখি হয়েছিল। সেবার ম্যান ইউকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সা। ওই ফাইনালের ভুলগুলো থেকে দল শিক্ষা নিয়েছে বলে মনে করেন ম্যান ইউ গোলরক্ষক এডউইন ভন ডার সার।
ওয়েম্বলিতে ২৮ মে ফাইনাল খেলা হবে।
রিয়াল মাদ্রিদকে দুই পর্ব মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। আর অপেক্ষাকৃত দুর্বল দল শালকেকে ৬-১ (দুই পর্বে) গোলে হারিয়ে ফাইনালের টিকেট হাতে পেয়েছে ম্যান ইউ। যদিও এই শালকেই কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে বিদায় করে দিয়েছিল।
ওল্ড ট্রাফোর্ডে সেমিফাইনালের ফিরতি পর্বের খেলায় বুধবার দলের নিয়মিত সদস্য ওয়েন রুনি, হাভিয়ের হার্নান্দেজ, নেমানজা ভিডিচ ও রিও ফার্ডিনান্ডোকে ছাড়াই মাঠে নেমেছিলো ম্যান ইউ। তারপরও ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
একে সহজ জয় বলেই উল্লেখ করেন ভন ডার সার। বলেন, "এটা ছিলো চমৎকার। যদিও প্রথম পর্বে এগিয়ে থাকায় আমাদের সুযোগ ছিলো দলে কিছু পরিবর্তন করার। রোববার আমরা বেশিরভাগ খেলোয়াড়কে চাঙ্গা অবস্থায় পাব।"
"আমরা গতকাল বার্সেলোনার উচ্ছ্বাস দেখেছি। সেই তুলনায় আমাদের আবেগ অনেক নিয়ন্ত্রণে ছিল। রিয়াল-বার্সার লড়াই সব সময়ই কঠিন। সেই তুলনায় আমরা সহজেই জিতেছি।"
বার্সেলোনা সম্পর্কে ভন ডার সার বলেন, "তারা খুবই ভালো খেলে। ২০০৯ সালের ফাইনালেই তারা সেটা দেখিয়েছে। তাদের বিপক্ষে খেলা বেশ কঠিন হবে। তবে এটাও ঠিক ওই ফাইনাল থেকে আমরা শিক্ষা নিয়েছি। চেষ্টা করবো যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৫৮ ঘ.
bdnews24