ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে হারিয়েছে শালকে ০৪কে। ফলে ওয়েম্বলিতে ২৮ মে'র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ম্যান ইউই।
জার্মানিতে প্রথম পর্বের খেলায় ২-০ গোলে জিতেছিলো ম্যান ইউ। ফলে দুই পর্ব মিলিয়ে ৬-১ গোলে জেতে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
আর বার্সা দুই পর্ব মিলিয়ে ৩-১ গোলে (প্রথম পর্বে বার্সা জেতে ২-০ গোলে ও দ্বিতীয় পর্বের খেলা ১-১ এ ড্র হয়) রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার ২-০ গোলে ম্যান ইউকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোন।
ম্যাচ জয়ের পর ফর্গুসন জানিয়েছেন, শালকের বিপক্ষে ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন। প্রিমিয়ার লিগে নিজের শেষ খেলায় আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে যায় ম্যান ইউ। শালকের বিপক্ষে ম্যাচে তাই ৮টি পরিবর্তন আনেন তিনি। আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনিকেও এদিন মাঠে নামাননি ফার্গুসন।
সহজেই ৪-১ গোলে ম্যাচ জিতে ফার্গুসন শিষ্যরা প্রমাণ করেছেন যে তাদের কোচ ভুল করেননি।
চার বছরের মধ্যে তৃতীয়বারের মত এই প্রতিযোগিতার ফাইনাল খেলতে যাচ্ছে ম্যান ইউ। তারা ২০০৮ সালের চ্যাম্পিয়ন।
ম্যান ইউ'র মাঠ ওল্ড ট্রাফোর্ডে বুধবার অতিথি শালকের শুরুটা ছিলো দারুণ। খেলার ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পেয়েছিলো জার্মানির দলটি। আতসুতো উচিদা বক্সের কাছে দাঁড়ানো জেফ্রিসন ফার্ফানকে বল ঠেলে দিলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ফার্ফান।
তবে ধীরে ধীরে নিজেদের ফিরে পেতে শুরু করে ম্যান ইউ। খেলার ২৬ মিনিটে গোল করে ম্যান ইউকে এগিয়ে নেন অ্যান্টোনি ভালেন্সিয়া। পাঁচ মিনিটের ব্যবধানে ড্যারোন গিবসন গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন।
গিবসনের বাড়ানো বল ধরে ১৫ ফুট দূর থেকে গোলপোস্ট লক্ষ্য করে ভালেন্সিয়ার তীব্র শট। বল শালকে গোলরক্ষক ম্যানুয়েল নেয়ুর দু'পায়ের ফাঁক গলে আশ্রয় নেয় জালে। একই ভাবে দ্বিতীয় গোলটি দেন গিবসন। তার শট ছিলো ২০ ফুট দূর থেকে।
৩৫ মিনিটে শালকের হোসে ম্যানুয়েল জুরাডো গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন।
বিরতির আগে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে শালকেকে চেপে ধরে ম্যান ইউ। তবে আক্রমণভাগের ভুলে তারা গোলের সহজ কয়েকটি সুযোগ নষ্ট করে।
৭২ মিনিটে ন্যানির আড়িআড়ি শটে বক্সের ভেতর বল পান অ্যান্ডারসন। ব্রাজিলের মাঝমাঠের এই খেলোয়াড় চমৎকার ভাবে বল জালে জড়িয়ে ম্যান ইউকে ৩-১ এ এগিয়ে নেন।
এর চার মিনিট পর আবারো সেই অ্যান্ডারসনের গোল। বের্বাতভের বল গোল মুখে পেয়ে যান তিনি। সেখান থেকে গোল করতে কোনো ভুল হয়নি অ্যান্ডারসনের।
শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরে শেষ হয় অনেক চমক সৃষ্টি করা শালকের এবারের চ্যাম্পিয়ন্স লিগ মিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২১০ ঘ.
bdnews24