ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের খেলোয়াড় নাইজেরিয়ার রোল্যান্ড ইকিচুকুর জোড়া গোলে বাংলাদেশ ফুটবল লিগে বুধবার ফেনী সকার ক্লাব ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ ক্লাবকে।
যদিও নিজেদের মাঠে পুরনো ঢাকার দল রহমতগঞ্জকে হারাতে লড়াই করতে হয়েছে ফেনী সকার ক্লাবকে।
লিগে এটি সকার ক্লাবের টানা দ্বিতীয় জয়। দ্বিতীয় পর্বের প্রথম খেলায় তারা ৩-০ গোল হারিয়েছিল চট্টগ্রাম মোহামেডানকে। প্রথম পর্বে সকার ক্লাব এটিও জয় পায়নি।
লিগে ১৩ খেলায় দ্বিতীয় জয় পাওয়া সকার ক্লাবের পয়েন্ট ১২। তালিকায় তারা নবম স্থানে। আর হেরে গেলেও সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ সপ্তম স্থানে। ১২ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
খেলার ৩৬ মিনিটে গোল করে রোল্যান্ড ফেনীর দলটিকে এগিয়ে নেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়েছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুন করে সকার ক্লাব। এবারও গোলদাতা সেই রোল্যান্ড। ৫৫ মিনিটে তিনি গোলটি দেন।
দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যেতে থাকে রহমতগঞ্জ। ফলাফল, ৭০ মিনিটে পাশবন মোল্লার গোলে ব্যবধান কমায় দলটি।
পরবর্তী ২০ মিনিটে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। অনেকগুলো আক্রমণও গড়ে তারা। কিন্তু শেষ পর্যন্ত আর গেলোর দেখা পায়নি পুরনো ঢাকার দলটি।
ফলে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫১ ঘ.
bdnews24