২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসচেরানোকে প্রতারণা করা শিখিয়েছে বার্সা: রোনালদো

রিয়াল-বার্সা প্রথম পর্বের লড়াই শেষে রিয়াল কোচ হোসে মরিনহোর উক্তি বিতর্ক সৃষ্টি করেছিল। এবার শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো কোচের পথ অনুসরণ করলেন। রোনালদোর অভিযোগ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বের খেলায় বার বার প্রতারণার আশ্রয় নিয়েছে বার্সার মাঝমাঠের খেলোয়াড় মাসচেরানো। আর এসব নাকি সে (মাসচেরানো) বার্সাতে এসেই শিখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল-বার্সা প্রথম পর্বের লড়াই শেষে রিয়াল কোচ হোসে মরিনহোর উক্তি বিতর্ক সৃষ্টি করেছিল। এবার শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো কোচের পথ অনুসরণ করলেন। রোনালদোর অভিযোগ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বের খেলায় বার বার প্রতারণার আশ্রয় নিয়েছে বার্সার মাঝমাঠের খেলোয়াড় মাসচেরানো। আর এসব নাকি সে (মাসচেরানো) বার্সাতে এসেই শিখেছে। সরাসরি না বললেও রোনালদোর ইঙ্গিত দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। ওই সময় বার্সাকে বেশ চেপে ধরেছিলো রিয়াল। এমনকি গোল করে তাদের খেলায় এগিয়ে যাওয়াও তখন অসম্ভব মনে হচ্ছিল না। রোনালদো মাঝমাঠ থেকে বল নিয়ে বার্সা শিবিরে হামলা চালিয়েছিলেন। বার্সার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে বক্সে ঢুকেই তিনি বল বাড়িয়ে দেন হিগুয়াইনের দিকে, এমন সময় পাশ থেকে জেরার্ড পিকে এসে ধাক্কা দেন এই পর্তুগীজকে। তাল সামলাতে না পেরে পড়ে যান তিনি। এদিকে রোনালদোর বাড়িয়ে দেয়া বল ধরার জন্য মাসচেরানোও দৌড় শুরু করেন। তবে রোনালদো উল্টেগিয়ে মাসচেরানোর পায়ের ওপর পড়লে তিনিও পড়ে যান। ততক্ষণে হিগুয়াইনের বাঁকানো শট বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসকে ফাঁকি দিয়ে আশ্রয় নিয়েছে জালে। কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন, ফাউল হয়েছে। রোনালদো মাসচেরানোকে ফেলে দিয়েছেন। যদিও টিভি রিপ্লে বলছে, হুমড়ি খেয়ে পড়া রোনালদোর মাথা মাসচেরানোর পায়ে লাগে। তাতে মাসচেরানো পড়ে যান এবং রেফারি রিয়ালের গোল বাতিল করে ফাউলের নির্দেশ দেন। তবে মাসচেরানোর পড়ে যাওয়ার দৃশ্যটা অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হয়েছে। রোনালদো সেই বিষয়টাকেই নিয়ে এসেছেন দৃশ্য পটে। "গোলটা বাতিল হয়ে যাওয়ায় আমরা খেলায় মনোসংযোগ হারিয়ে ফেলেছিলাম।" "আমাকে পিকে ধাক্কা দেয় আর আমি মাসচেরানোর ওপর পড়ে যাই। তবে ও অনেক বেশি অভিনয় করেছে। ও (মাসকেরানো) যখন লিভারপুলে খেলতে তখন এমন ছিল না। বার্সেলোনায় এসেই ও এসব শিখেছে।"বিরক্ত রোনালদোর মন্তব্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৬৫৭ ঘ.