ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ফিরতি পর্বের খেলায় বুধবার রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও শালকে ০৪। প্রথম পর্বের খেলায় ২-০ গোলের জয় থাকায় সহজেই ফাইনালে পৌছানোর স্বপ্ন দেখছে অ্যালেক্স ফার্গুসনের দল, যেখানে অপেক্ষা করছে বার্সেলোনা।
নিজেদের মাঠে ২-০ গোলের পরাজয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্ন এখন অনেকটাই ধূসর শালকের জন্য। তারপরও জার্মান দলটি আশায় বুক বাঁধতেই পারে। কারণ দলের তারকা খেলোয়াড় রাউল গঞ্জালেস এখনও হাল ছাড়তে নারাজ। তার মতে ফুটবলে সবই সম্ভব। ম্যান ইউয়ের মাঠ থেকে কমপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে ফাইনালে পৌছানো কঠিনই হবে নিঃসন্দেহে। কিন্তু, রাউল একটি সহজ সমীকরণ দেখিয়েছেন।
" ফুটবলে কী হয় কে বলতে পারে। ওদের (ম্যান ইউ) একজন লাল কার্ড খেলো, আমরা একটা গোল দিলাম; আরেকটা পেনাল্টি পেলাম, ব্যস খেলা আমাদের দখলে। "
রাউল হয়তো পরিসংখ্যানে চোখ বোলাননি। চোখ পড়লে তিনি দেখতে পেতেন, চলতি মৌসুমের চাম্পিয়ন্স লিগে ম্যান ইউয়ের কেউ লাল কার্ড পায়নি। এমন হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়ের সংখ্যাও হাতেগোনা। এতটাই দেখেশুনে ফুটবল খেলেছে তারা। আর গোলের হিসেবে ম্যান ইউয়ের জালে বল ঢুকেছে মাত্র তিনবার। তাই এক খেলায় ম্যান ইউয়ের জালে দু'গোল দেয়ার স্বপ্নটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। তার ওপর খেলা আবার ম্যান ইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে যেখানে এমনিতেই ম্যান ইউ অপ্রতিরোধ্য।
তবে রাউল এখনও 'মুটিয়ে' যাননি। দুদলের হিসেবে চলতি চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিক পাঁচ গোল আছে তার। তাই রাউল জাদুতে বাধা পড়তে পারে ম্যান ইউয়ের স্বপ্ন। তবে সেজন্য শালকে কোচ র্যাফ র্যাংনিককেও তার কৌশল বদলাতে হবে। হোসে জোরাডোকে 'ডিফেন্সিভ মিডফিল্ডার' হিসেবে খেলানোর যে ভুলটা তিনি প্রথম পর্বে করেছেন, নিশ্চিত সেই ভুল আর করতে চাইবেন না। তার জায়গায় পিয়ার ক্লুজের খেলার সম্ভাবনা বেশি, আর জোরাডো চলে যেতে পারেন 'লেফট উইঙ্গ' এ। শালকে তাদের চিরচেনা ৪-৪-২ ছকে মাঠে নামবে।
ম্যান ইউও কোচ অ্যালেক্স ফার্গুসনেরও এই পদ্ধতি পছন্দ। তার তুরুপের তাস হতে পারেন বারবেতভ। কারণ জার্মানির বুন্ডেসলিগায় বায়ার্ন লেভারকুসেনের হয়ে ছয় মৌসুম কাটানো এ বুলগেরিয়ানের শালকের বিপক্ষে ১১ খেলায় ছয় গোলের রেকর্ড আছে।
তবে গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আর্সেনালের সঙ্গে ১-০ গোলের পরাজয়ে মানসিকভাবে একটু দুর্বল আছে ম্যান ইউ। তবে সেটাও চিন্তার কারণ নয়। কারণ সে দিন কোচ দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন, যাতে মূল খেলোয়াড়রা একদম তরতাজা হয়ে শালকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নামতে পারে।
চোখ রাখতে হবে ৩৭ বছর বয়সী রায়ান গিগসের দিকে। ফুটবল জীবনের সায়াহ্নে এসে যেন নতুন রূপে দেখা দিয়েছেন তিনি।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১২.৪৫ মিনিটে। টেন অ্যাকশন খেলাটি সরাসরি স
bdnews24