ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম লড়াইয়ে গত বুধবারের মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেই রেশ এখনো চলছে। সর্বশেষ মুখ খুলেছেন বার্সা কোচ পেপ গার্দিওলা। বলেছেন, কে খেলবে আর কে খেলবে না; সে সিদ্ধান্ত নেবে উয়েফা, মাদ্রিদ নয়।
চলতি সপ্তাহের মঙ্গলবার রাতে ফিরতি পর্বের খেলায় বার্সা-রিয়াল মুখোমুখি হবে। সেই লড়াইয়ের আগে কথার লড়াই আবারও জমিয়ে তুললেন বার্সা কোচ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্ষোভের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন গার্দিওলা।
গত সপ্তাহে বার্সার কাছে ২-০ গোলে হারার পর ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এর দুয়ারে কড়া নেড়েছে রিয়াল কর্তৃপক্ষ। তাদের অভিযোগের তালিকাটা বেশ লম্বা। দানি আলভেজ, পেড্রো, হোসে পিন্টো, কেইতা এবং ভিক্টর ভালদেসের বিরুদ্ধে অক্রীড়াসুলভ মনোভাবের অভিযোগ উত্থাপন করেছে তারা।
সার্জিও বাসকুটসের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনে রিয়াল। 'ভিডিও ফুটেজ' প্রমাণ হিসেবে জমা দিয়ে রিয়াল বলেছে, বাসকুইটস নাকি তাদের রক্ষণভাগের খেলোয়াড় মার্সেলো আজেবাজে কথা বলেছেন।
কিন্তু, উয়েফা সব অভিযোগ নাকোচ করে দিয়েছে। তাই আনন্দ চেপে রাখতে পারেননি বার্সা কোচ গার্দিওলা। একই সঙ্গে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।
"যখন আপনি এসব অভিযোগ উত্থাপন করবেন, তখন ধরেই নিতে হবে অভিযোগগুলো সত্য ধরেই উত্থাপন করা হয়েছে। তারা ধরেই নিয়েছে, আমরা মানসম্মত ফুটবল খেলিনি। আমি বলছি উল্টো। আমার খেলোয়াড়দের আমি রিয়ালের চেয়ে ভালো চিনি", বলেন গার্দিওলা।
রিয়ালে ঐতিহ্যের প্রতিও আঙ্গুল উঠেছে তার। আসল রাগটা ঝেড়েছেন ওই জায়গাতেই।
"রিয়ালের ১০৯ বছরের ফুটবল ঐতিহ্য থাকতে পারে। কিন্তু, তারা সিদ্ধান্ত নিতে পারে না, কে খেলবে আর কে খেলবে না। এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু উয়েফার আছে।"
রিয়ালের এখনকার কোচ হোসে মরিনহোর কোচিং অধ্যায়ের হাতেখড়ি এই বার্সেলোনাতেই। তাই সুযোগ পেয়ে রিয়াল কোচকে এক হাত নিতে ছাড়েননি গার্দিওলা।
"বার্সেলোনা পরিবারের প্রত্যেকটি সদস্যের মূল্য আছে। রিয়াল কোচ (মরিনহো) এখানে চার বছর ছিলেন, তিনি তা ভালোই জানেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24