ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরলিন ডেভেলপার লিমিটেড ৩২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০১১ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলার দাবা কক্ষে শুরু হচ্ছে।
শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে দেশ সেরা ১২ জন খেলোয়াড় রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বছর জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে সরাসরি অংশগ্রহণ করছেন বর্তমান চ্যাম্পিয়ন ও সদ্য সমাপ্ত এশিয়ান জোনাল ৩.২ বাছাই দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পাওয়া শামিমা আক্তার লিজা (ফিদে রেটিং - ২১৬৫), জাতীয় রানার আপ শারমিন সুলতানা শিরিন (ফিদে রেটিং - ২০১২), আন্তর্জাতিক মহিলা মাষ্টার রানী হামিদ (ফিদে রেটিং - ১৯৯৭) ও নাজরানা খান ইভা (ফিদে রেটিং - ১৯৬৫)।
প্রতিযোগিতায় সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় লিজা।
এছাড়া বাছাই প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন জাহানারা হক রুনু (ফিদে রেটিং - ১৬৪১), মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (ফিদে রেটিং - ১৯৬২), দিলারা জাহান নুপুর (ফিদে রেটিং - ১৮১৬), তানজিনা আক্তার তানি (ফিদে রেটিং - ১৬১৯), আরিফা খাতুন (ফিদে রেটিং - ১৭৮২), চৌধুরী মাহমুদা হক মলি (ফিদে রেটিং - ১৭৮৩), রোখসানা তিতলী (ফিদে রেটিং - ১৫১৩)।
সাবেক মহিলা চ্যাম্পিয়ন তনিমা পারভীন (ফিদে রেটিং - ২০৪৯) শারীরিক অসুস্থতার কারণে অংশগ্রহণ না করায় বাছাই পর্বের অপেক্ষমান তালিকায় থাকা মাসুদা বেগম (ফিদে রেটিং - ১৯০৮) খেলার সুযোগ পেয়েছেন।
প্রতিযোগিতায় সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় লিজা। প্রতিযোগীদের গড় ফিদে রেটিং - ১৮৪৬। মঙ্গলবার দুপুর ২টায় দাবা কক্ষে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
সোমবার এ উপলক্ষে এনএসসি টাওয়ারে এক সাংবাদিক সম্মেলনে নানা তথ্য তুলে ধরেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেছ হোসাইন, স্পন্সর প্রতিষ্ঠান আরলিন ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর ইসলাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোরসালিন আহমেদ এবং আন্তর্জাতিক বিচারক আলমাসুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৫ ঘ.
bdnews24