ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালো হিগুইন মনে করেন, রিয়ালের পক্ষে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়া অসম্ভব নয়।
গত বুধবার বার্সার কাছে ২-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। 'ডাগআউটে' বসে দলে পরাজয় দেখেছেন হিগুইন। দেখেছেন স্বদেশী লিওনেল মেসির অনবদ্য ফুটবল নৈপুণ্য। ঘরের মাঠে দু'গোল হজম করায় মঙ্গলবার ফিরতি খেলায় কমপক্ষে তিনটি গোল দিতেই হবে রিয়ালকে। অথবা ২-০ গোলের জয় দিয়ে খেলাকে টেনে নিতে হবে অতিরিক্ত সময়ে।
বার্সার মাঠে এত বড় ব্যবধানের জয় পাওয়া খুবই দুঃসাধ্য কাজ হবে। হিগুইনও মানছেন তা। তবে কঠিন হলেও তা একেবারে অসম্ভব নয় বলেই মনে করেন তিনি। তার মতে, শুধু প্রয়োজন দলের মধ্যে একতার মেলবন্ধন।
রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে হিগুইন বলেন, "ফাইনালে খেলার দারুন একটা সুযোগ অপেক্ষা করছে আমাদের সামনে। শরীরের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবো আমরা । যদি একটা দল হয়ে খেলতে পারি, তাহলে আমাদের ফাইনাল খেলার পথে কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।"
নিজেদের মাঠে পরাজয়কে অনুপ্রেরণা হিসেবেই দেখছেন হিগুইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫১৩ ঘ.
bdnews24