ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোলোগনাকে ১-০ গোলে হারিয়ে ২০০৪ সালের পর প্রথম স্কুডেট্টো জয়ের খুব কাছে এসে দাঁড়িয়েছে এসি মিলান।
৩৫ খেলা শেষে এসি মিলানের পয়েন্ট ৭৭। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৬৯। পরের খেলায় এসি মিলান একটি পয়েন্ট আদায় করতে পারলেই শিরোপা হাতছাড়া হয়ে যাবে ইন্টারের।
রোববার ঘরের মাঠে ম্যাথিও ফ্ল্যামিনির করা একমাত্র গোলে ৩ পয়েন্ট পেয়ে শিরোপার উৎসব প্রায় সেরেই ফেলে 'রোসোনেরি'রা।
রবিনহোর কাছে থেকে বল পেয়ে ফ্ল্যামিনি প্রথম সুযোগে তীব্র গতিতে বল ঠেলে দিয়েছিলেন বোলোগনার জালে। কিন্তু সে যাত্রা দলকে রক্ষা করেন গোলরক্ষক ইমিলিয়ানো ভিভিয়ানো। কিন্তু ফিরতি বলে নেয়া ফ্ল্যামিনির দুর্দান্ত শট আর ফেরানো সম্ভব হয়নি। এগিয়ে যায় এসি মিলান। খেলার তখন ৮ মিনিট অতিক্রম করেছে।
১৮ মিনিটের সময় খেলার সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন ক্যাসানো। গোলটা হলে তখনই ২-০ গোলে এগিয়ে যেতে পারতো এসি মিলান।
দ্বিতীয়ার্ধে বোলোগনাই বরং অপেক্ষাকৃত ভালো দল ছিল। সমতা ফেরানো তাগিদায় আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা।
তবে শেষ দিকে ফুটবলের চেয়ে হাতাহাতি হয়েছে বেশি। যে কারণে বোলোগনার দেল্লা রোক্কাকে লাল কার্ড দেখান রেফারি।
১০ জনের বোলোগনার খেলায় আর ফিরে আসা হয় নি। এই পরাজয়ের ফলে রেলিগেশন অঞ্চলেই রয়ে গেলো তারা।
দিনের অন্য খেলায় কাতানিয়া ২-০ গোলে ক্যাগলিয়ারি, পারমা ৩-১ গোলে পালেরমো ও ফিওরেন্টিনা ৫-২ গোলে উদিনেসকে হারায়। আরেক খেলায় সাম্পদোরিয়া ও ব্রেসিয়া ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নেয়।
আর বারির বিপক্ষে ফ্রান্সিস্কো টট্টির রোমা জয় পায় ৩-২ গোলে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৪৫ ঘ.
bdnews24