ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিয়োমপাওলো পাজ্জিনির অতিরিক্ত সময়ের (৯০ ) দুই গোল হারতে বসা খেলায় অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে ইন্টার মিলানকে। সিসেনার বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে শনিবার শেষ পর্যন্ত ইন্টার জিতেছে ২-১ গোলে।
সেরি আ'র অপর খেলায় শিরোপা লড়াইয়ে থাকা অন্য দল নাপোলি ১-০ গোলের জয় পেয়েছে জেনোয়ার বিপক্ষে।
৩৫ খেলায় ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান এখনো শিরোপার জন্য লড়ে যাচ্ছে। নাপোলির সংগ্রহ সমান খেলায় ৬৮ পয়েন্ট। ১ ম্যাচ কম খেলা এসি মিলান ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
ইন্টারের গোলরক্ষক জুলিয়াস সিজার আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় এদিন মূল একাদশে ছিলেন না। গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান লুকা কাসতেলাজ্জি। খেলার ৫ মিনিটেই শক্ত পরীক্ষায় পড়তে হয় তাকে। ইমানুয়েল জিয়াচেরিনির শট কোনোমতে ঠেকিয়ে সেই যাত্রায় রক্ষা করেন দলকে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বলের দখল চলে আসে ইন্টারের পায়ে। তবে সিসেনাও ছেড়ে কথা বলেনি। পাল্টা আক্রমণে উঠেছে তারাও।
উপভোগ্য প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারে নি।
প্রথমার্ধের রেশেই শুরু হয় দ্বিতীয়ার্ধ। দু'দলই আক্রমণ চালাতে থাকে।
৫৫ মিনিটে রক্ষণের ভুলে গোল খায় ইন্টার। লুকা ক্যাক্কারেল্লির 'পাস' ইগুর বোদানের পায়ে পড়তেই ঠান্ডা মাথায় ইন্টার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। সিসেনার হয়ে তুলে নেন নিজের প্রথম গোল।
৬০ মিনিটের সময় পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ইন্টারের আক্রমণভাগের খেলোয়াড় গোরান পানদেভ। ফলে চাপে পড়ে ইন্টার। তবে শেষ পর্যন্ত তার জায়গায় নামা জিয়োমপাওলো পাজ্জিনির কাঁধে চড়েই অবিশ্বাস্য জয় তুলে নেয় ইন্টার।
পাজ্জিনিকে আটকাতে এমনিতেই বেগ পেতে হচ্ছিল সিসেনার। আর অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের পুরো সদ্ব্যবহার করেন তিনি।
প্রথম গোলটি আসে প্রথম মিনিটে (৯০ ১)। স্যামুয়েল ইতোর হাওয়ায় ভাসানো বল মাথা দিয়ে সিসেনার জালে ঢুকিয়ে ইন্টারের এক পয়েন্ট নিশ্চিত করেন পাজ্জিনি।
আর শেষ মিনিটে (৯০ ৫) মেইকনের 'ক্রস' আবারও গিয়ে পড়ে পাজ্জিনির মাথায়। ফলাফল আবারও একই ভাবে গোল। নিশ্চিত হয় ইন্টারের জয়।
এদিকে জেনোয়ার বিপক্ষে নাপোলির জয়সূচক গোলটি আসে ৮৩ মিনিটে। গোলদাতা মারেক হামসিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫০৩ ঘ.
bdnews24