২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে মেলার আগে আবার মানববন্ধন খেলোয়াড়দের

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলা শুরুর একদিন আগে আবার মানববন্ধন করেছেন খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

নোয়াখালী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলা শুরুর একদিন আগে আবার মানববন্ধন করেছেন খেলোয়াড়রা। মেলা বাতিলের দাবিতে শনিবার স্টেডিয়ামের প্রধান প্রবেশ পথের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ডাক দেয় 'নোয়াখালী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি'। 'মাঠ আমাদের ঠিকানা, ব্যাট-বল আমাদের বন্ধু', 'রাজপথ নয়-আমরা মাঠে থাকতে চাই', 'নোয়াখালী স্টেডিয়ামে ৩ বছর কোনো লীগ নাই, তবে কেন মাঠ ভাড়া দিয়ে খাই খাই', 'খেলার মাঠে মেলা নয়' লেখা সম্বলিত ব্যানার নিয়ে খেলোয়াড়রা এ মানববন্ধনে অংশ নেয়। ওই সময় বিভিন্ন ক্রীড়া সংগঠকও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। দেশের দ্রুততম মানবী নাজমুন্নাহার বিউটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খেলোয়াড়রা খেলাধূলা-মাঠ নিয়েই ব্যস্ত থাকতে চাই। কারো বিরুদ্ধে কথা বলা বা কোনো গ্র"পিং-লবিং আমাদের কাজ নয়। আমরা আমাদের মাঠ ফেরত চাই।" একই ধরনের অভিব্যক্তি এ প্রতিবেদককে জানান জাতীয় অ্যাথলেট সুমিতা রানী দাস ও জেসমিন আক্তারও। কয়েকদিন আগে সবরকম অনুশীলনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা জেলা গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতে মাঠে ঢুকলে খেলোয়াড়দের গ্রেপ্তারের হুমকি দেন ডিসি সিরাজুল। ২৬ এপ্রিল ক্রীড়া সংস্থার জরুরি সভার শুরুতেই স্টেডিয়ামে বাণিজ্য মেলার বিরুদ্ধে মানববন্ধন করায় খেলোয়াড়দের দেখে নেওয়ার হুমকি দেন জেলা প্রশাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৫০ ঘ.