ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর) - এর আগে নেইমারকে আটকেছিলেন। এবার পেলের চোখ পড়েছে সান্তোসের খেলোয়াড় গানসোর দিকে। গানসোকে ব্রাজিল থেকে ইউরোপে না যাওয়ার পরামর্শ দিতে তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তী ফুটবলার পেলে।
গত বছর ব্রাজিলের আক্রমণভাগের তরুন খেলোয়াড় নেইমারকে নিয়ে বেশ টানাটানি করেছিল ইউরোপের দলগুলো। কিন্তু, ব্রাজিলের বাইরে পা দেননি নেইমার। কারণ পেলে তাকে ব্রাজিলে থাকতে বলেছিলেন।
এবারও নেইমার ইউরোপের বড়দলগুলোর নজরে আছেন। একই সঙ্গে নজরে আছেন ২১ বছরের গানসোও। গানসো নিজেই অবশ্য বলেছেন, তার ভবিষ্যত নাকি ইতালিতে। গরম খবর হলো, এসি মিলান ও ইন্টার মিলান দু'দলই গানসোকে সামনের জানুয়ারিতে দলে টানতে আগ্রহী।
সান্তোসে নিজের ফুটবল জীবনের বেশ বড় একটা সময় কাটানো পেলে তাই নড়ে চড়ে বসেছেন। ব্রাজিলের রেডিও স্টেশন জোবেম প্যানকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গানসোকে আটকানোর যথাসাধ্য সবই তিনি করবেন।
' গানসোর সঙ্গে আমি কথা বলবো। আমি জানি সান্তোসে (ব্রাজিলে) সে ভালোই আছে। যদি পুরো বিষয়টি আমার ওপর নির্ভর করতো, তাহলে সে সারা জীবন ব্রাজিল লিগেই ফুটবল খেলতো। আমি মন বলছে, পুরো ব্যাপারটা নেইমারের সঙ্গে মিলে যাবে। সে আমার কথায় শেষ পর্যন্ত চেলসিতে খেলেনি। আমি আশাবাদী।'
' নেইমারের সঙ্গে দীর্ঘ আলাপের পর তাকে আমি বোঝাতে পেরেছিলাম। আমি গানসোর সঙ্গে কথা বলবো, তাকে মানাবো যেন সে ব্রাজিলেই থেকে যায়। '
বিডিনিউজ টোয়েন্টিফোর/টিএ/এমআই/১৪৫৪ ঘ.
bdnews24