২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পথে পোর্তো ও বেনেফিকা

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় বৃহস্পতিবার পিছিয়ে পড়েও ভিলারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পোর্তো। শেষ চারের অপর লড়াইয়ে বেনেফিকা ২-১ গোলে হারায় ব্রাগাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় বৃহস্পতিবার পিছিয়ে পড়েও ভিলারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পোর্তো। শেষ চারের অপর লড়াইয়ে বেনেফিকা ২-১ গোলে হারায় ব্রাগাকে। ফালকাওয়ের হ্যাট্রিকসহ চার গোলে নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে গোলউৎসব করেছে পোর্তো। পোর্তোর হয়ে অপর গোলটি করেন ফ্রেডি গুইরান। প্রথমার্থে রুবেন কানির গোলে এগিয়ে থাকে ভিলারিয়াল। তবে দ্বিতীয়ার্ধে গুনে গুনে হজম করতে হয় ৫ গোল। দ্বিতীয়ার্ধ অগ্নিমূর্তি ধারণ করেন ফালকাও। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে সমতায় ফেরান। ঘড়ির কাঁটা ঘন্টায় ছুঁতেই ফ্রেডি গুইরানের শটে এগিয়ে যায় স্বাগতিকরা। পরের সময়টুকু শুধুই ফালকাওয়ের। ৬৭ মিনিটে গোল করে পোর্তোর গোলসংখ্যা তিনের ঘরের নিয়ে যান। আর ৭৫ মিনিটে মাথা দিয়ে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন এই কলম্বিয়ান। ক্লান্ত ভিলারিয়ালের জালে শেষ মুহর্তে আরও একবার আঘাত হানেন ফালকাও। ইউরোপা লিগে তার রেকর্ড সংখ্যক ১৬তম গোল তুলে নিয়ে ৫-১ গোলের বিশাল জয় উপহার দেন কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে। অপর সেমিতে মুখোমুখি হয়েছিল দুই পর্তুগীজ দল ব্রাগা ও বেনেফিকা। খেলা হয়েছে মূলত ৫০ থেকে ৬০ এই দশ মিনিট। আক্রমণ পাল্টা আক্রমণে উপভোগ্য ১০ মিনিটেই খেলার গোল তিনটি হয়েছে। শুরুটা করে বেনেফিকা। ৭ গজ দূর থেকে নেয়া জারদেলের শট ঢুকে যায় ব্রাগার জালে। তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে ব্রাগা। দলপতি ভানদিনহো একক প্রচেষ্টায় গোল করেন। ৬০ মিনিটে বেনেফিকার সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনেন কারদোজো। ৩০ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিকে বেনেফিকার জয় নিশ্চিত করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০০৭ ঘ.