ঢাকা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় পায়ে চোট পান লিওনেল মেসি। ফিরতি পর্বের খেলায় তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে কাতালিয়ানদের।
মেসি জাদুতে বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী বার্সেলোনা। দুটি গোলই আসে মেসির পা থেকে। সেই খেলায় বাকী সবাইকে হার মানালেও শেষ পর্যন্ত চোটের কাছেই হার মানতে হলো ফিফার বর্ষসেরা ফুটবলারকে।
খেলা শেষে পায়ে ব্যথা অনুভূত হওয়ায় তিনি বার্সা দলের চিকিৎসকদের শরনাপন্ন হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন তার মাংসপেশী বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে লা লিগার ম্যাচটি তাই খেলা হচ্ছে না মেসির। সামনের মঙ্গলবার যেন রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালটির আগেই তিনি সেরে ওঠেন, সে জন্য এই সাবধানতা।
অবশ্য মেসি সেরে উঠলেও তাকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে বার্সা কোচ পেপ গার্দিওলা। রিয়ালের মাঠে দুই গোলে জিতে আসায় ২৮ মে ওয়েম্বলির ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে আছে মেসি শিবিরের। চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরের ফাইনালে স্বাভাবিকভাই মেসিকে ছাড়া নামতে চাইবে না বার্সা।
৩ মে বার্সেলোনার মাঠ নূ-ক্যাম্পে রিয়াল-বার্সা মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৮৪০ ঘ.
bdnews24