ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে রিয়াল মাদ্রিদের মাঠে দুই গোলের জয় তুলে নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। গোল দুটি করেন দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি।
এই নিয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত ৫২টি গোল করলেন মেসি।
আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল হলো এই আর্জেন্টাইনের।
ওসাসুনার বিপক্ষে ২৩ এপ্রিল লা লিগায় নিজেদের ৩৩তম ম্যাচে ঘরের মাঠে নিজের ৫০তম গোল করেন মেসি।
লিগে ৩৩ খেলায় ৮৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে বার্সা। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে। লিগে উভয় দলেরই এখনো পাঁচটি করে খেলা আছে। তবে শিরোপার লড়াইয়ে অনেকখানি এগিয়ে বার্সেলোনা। আর বার্সার এই কৃতিত্বে যে মেসির অবদান সবচেয়ে বেশি তা মেসির ঘোর সমালোচকরাও অস্বীকার করবেন না।
যদিও 'কোপা দেল রে' শিরোপা বার্সার হাতছাড়া হয়েছে। তারপরও 'লা লিগা' শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছেন বার্সা কোচ পেপ গর্দিওয়ালাসহ সারা বিশ্বের বার্সা সমর্থকরা। আর মেসিতে ভর করে এই স্বপ্ন পূরণ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৫৩ ঘ.
bdnews24