ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রক্ষণভাগের খেলোয়াড় পেপে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। রেফারির ওই সিদ্ধান্তে প্রচন্ড হতাশ রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, ওই ঘটনাই বার্সেলোনাকে ২-০ গোলে ম্যাচ জিততে সাহায্য করেছে।
নগরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বুধবারের ম্যাচে নিজেদের রক্ষণভাগটা বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। তবে খেলার ৬১ মিনিটের মাথায় পেপে লাল কার্ড পাওয়ায় চাপে পড়ে যায় রিয়াল।
রেফারি ডব্লিউ স্ট্রার্ককের ওই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না রোনালদো। বরং তিনি বলেন, উদারহণ হিসেবে এটাই প্রথম নয় যে, সঙ্কটপূর্ণ সময়ে রেফারির সিদ্ধান্তগুলো বার্সেলোনার পক্ষেই যায়।
"তাদের (বার্সেলোনা) সঙ্গে সবসময়ই এরকম হয়ে থাকে। টানা চার মৌসুমে এই ধরণের কিছু একাটাই হয়ে আসছে।"
"তারা (বার্সেলোনা) সত্যিই দারুণ দল। তবে মাঠের ভেতর ও মাঠের বাইরে থেকে তারা সব সময়ই বাড়তি সুবিধা পেয়ে থাকে।"
রোনালদো স্বীকার করেন এদিন রিয়াল ভালো খেলেনি। বলেন, "এটা সত্যি যে আমরা ভালো খেলতে পারিনি। তবে এটাও ঠিক যে, যখন ১১ জনের বিপক্ষে ১১ জন লড়াই করছিলো তখন ম্যাচ গোল শূন্যই ছিলো। তাই যে কোনো কিছু হওয়ার সম্ভাবনাই ছিলো। আমরা একটা গোলও পেতে পারতাম। কিন্ত এখন এটা আমরা ভাবতেও পারছি না। দ্বিতীয় পর্বে রিয়াল ফিরে আসার চেষ্টা করবে।"
সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আগামী মঙ্গলবার বার্সার মাঠ 'ন্যু ক্যাম্পে'
মুখোমুখি হবে দল দুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২২৩ ঘ.
bdnews24