ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের লড়াইয়ের প্রথম পর্বের খেলায় মঙ্গলবার শালকে ০৪ কে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করেন ম্যান ইউ'র রায়ান গিগস ও ওয়েন রুনি।
চলতি মৌসুমে জার্মানির বুন্ডেসলিগায় খুব একটা ভালো খেলেনি শালকে। ১৮ দলের বুন্ডেসলিগায় তাদের অবস্থান ১১ নম্বরে। তাই আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না দলটি। অথচ এবারের চ্যাম্পিয়ন্স লিগে সেই শালকেই কিনা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে!
গ্র"প পর্বে বেনেফিকার মতো দলকে টপকে শেষ ষোলতে তাদের আগমন। সেখানে স্পেনের দল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে শেষ আটে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মুখোমুখি হয় দলটি। দুই পর্ব মিলিয়ে ৭ বার ইন্টারের জালে বল জড়িয়ে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে চলে আসে তারা।
তবে শেষ চারের প্রথম পর্বে নিজেদের মেলে ধরতে পারেনি শালকে। বরং ইংল্যান্ডের দল ম্যান ইউয়ের সামনে বেশ অসহায় হয়ে পড়ে ছিলো তারা। এদিন তাদের রক্ষণভাগ ছিলো খুবই দুর্বল। তবে এর মধ্যে একজনের প্রশংসা না করলে তার প্রতি অবিচার করা হবে। তিনি হলেন শালকের গোলরক্ষক ম্যানুয়েল নিউর। অসাধারণ দক্ষতায় নিশ্চিত কিছু গোল থেকে তিনি ম্যান ইউকে বঞ্চিত করায় প্রথমার্ধ গোল শূন্যই থাকে।
অথচ এদিন কি চোখ জুড়ানো ফুটবলই না উপহার দিয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। মাঝমাঠ থেকে যতবার তারা বল নিয়ে শালকের বক্সে ঢুকেছে, মনে হয়েছে এই বুঝি গোল হলো।
প্রথমার্ধে কমপক্ষে ছয়টি নিশ্চিত সুযোগ নষ্ট হয়েছে গোলরক্ষক নিউরের দৃঢ়তায়। খেলার লাগাম হাতে রেখেও নিউরকে কিছুতেই পরাস্ত করতে পারছিলো না অতিথি ম্যান ইউ।
শালকের রক্ষণে বার বার ত্রাস ছড়ালেও আসল কাজটাই করতে পারছিলেন না হাভিয়ের হার্নান্দেজ। একবারতো নিউরকে একাই পেয়েছিলেন এই মেক্সিকান। কিন্তু, তার আলতো শট গোলপোস্টের বাঁ-দিক ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছিল। তবে এবার খেলোয়াড়ের নাম ভিন্ন, রায়ান গিগস। শরীরের দুলুনিতে রক্ষণের দুজন খেলোয়াড়কে ছিটকে ফেলে নিকটতম দূরত্বে নিউরকে একা পান তিনি। তবে গোল করতে ব্যর্থ হন তিনিও। খেলার তখন এক ঘন্টা ছুঁই ছুঁই।
ঠিক ৭ মিনিট পরেই ভুলটির প্রায়শ্চিত্ত করলেন ৩৭ বছর বয়সী গিগস। শালকের বক্সের ঠিক বাইরে বাম প্রান্ত দিয়ে মাঝামাঝি চলে আসেন ওয়েন রুনি। সমানে থাকা গিগসের দিকে রক্ষণ চেরা 'পাস' বাড়িয়ে দেন। এবার পরাস্ত হন নিউরি। গিগসের শট তার দু'পায়ের ফাঁক গলে চলে যায় শালকের জালে।
এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করে ম্যান ইউ। হার্নান্দেজের বাড়ানো বল রুনির পায়ে আসতেই আলতো শটে নিউরিকে পরাস্ত করেন তিনি।
ন্যানির জায়গায় হার্নান্দেজকে নামিয়ে দারুণ ফল পেয়েছেন ফার্গুসন। আর রাউলের খেলায় হতাশ শালকে কোচ রাফ রাগনিক।
শালকের মাঠে দু'গোল পাওয়ায় ২৮ মে'র (ওয়েম্বলি) ফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেললো ম্যান ইউ। ফিরতি খেলায় ম্যান ইউর মাঠে ৪মে মুখোমুখি হবে দল দুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫০০ ঘ.
bdnews24