ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর প্রতি অগাধ আস্থা আছে রিকার্ডো কাকার। সে কারণেই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াইয়ে মরিনহোকে রিয়ালের মূল অস্ত্র বলে দাবি করলেন তিনি।
ইউরোপ সেরার শেষ চারের লড়াইয়ের প্রথম পর্বের খেলায় বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নেব্যুতে আসবে বার্সেলোনা। ২৯ বছর বয়সী কাকা মনে করেন, এক মরিনহোই রিয়ালের সঙ্গে বার্সার পার্থক্য গড়ে দিতে পারেন।
ব্রাজিলের সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনায় কাকা বলেন, "আমি খুশী। ভালোও লাগছে বেশ। সে দশে দশ পেয়েছে (কিংস কাপে)। তার সঙ্গে আমার সম্পর্কটাও ভালো। আমার প্রতি সহযোগীতার হাত সবসময় বাড়িয়ে রাখেন তিনি। রিয়াল-বার্সা খেলার পার্থক্য গড়ে দিতে মরিনহো একাই যথেষ্ট।"
কাকার কাছে চলতি সপ্তাহে আনন্দের বার্তা এসেছে একের পর এক। উচ্চসিত কাকা বলেছেন সে কথাই, "আমার জন্য এটি ছিল দারুণ সপ্তাহ। আমার জন্মদিন, নতুন সন্তান এলো, লিগে দুটো গোল পেলাম, এমনকি কিংস কাপও জিতলাম।"
৭ দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে দু'বার বার্সার মুখোমুখি হবে রিয়াল। এ বিষয়টিকে খেলোয়াড়সুলভ মানসিকতায় দেখছেন কাকা। মাত্রই কোপা দেল রে বা কিংস কাপে বার্সার বিপক্ষে জয়ী ফাইনালটিরই পুনরাবৃত্তি চান আক্রমণভাগের খেলোয়াড় কাকা।
"কিংস কাপের শিরোপা জেতার পর পরই আবারও বার্সার মুখোমুখি হচ্ছি। দুবার নিজেদের যাচাইয়ের সুযোগটাও পাবো। ফাইনালটির পুনরাবৃত্তি চাই আমি। আশা করি, কিংস কাপের চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১৫০ ঘ.
bdnews24