ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এডিন জেকোর গোলে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) একমাত্র খেলায় সোমবার ব্ল্যাকবার্ন রোভার্সকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
এ জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে ম্যান সিটি।
লিগে এটি জেকোর প্রথম গোল। জানুয়ারিতে ২৭ মিলিয়ন পাউন্ডে উলভসবার্গ থেকে ম্যান সিটিতে যোগ দেন তিনি।
প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে থাকে।
তালিকার পঞ্চম দল টটেনহ্যাম হটস্পারের সঙ্গে এখন ম্যান সিটির পয়েন্টের ব্যবধান ৪। ৩৩ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৫৯। সমান খেলায় টটেনহ্যামের সংগ্রহ ৫৫।
ব্ল্যাকবার্নের পয়েন্ট ৩৫। একটি ম্যাচ বেশি খেলেছে দলটি।
'রেলিগেশন'র খাড়ায় থাকা ব্ল্যাকবার্নের সুযোগ ছিল এই খেলায় এক পয়েন্ট আদায় করার। তবে নিজেদের ভুলের কারণেই তা করতে পারেনি দলটি।
খেলায় ব্ল্যাকবার্ন বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
লিভারপুলের কাছে ১১ এপ্রিল হেরে যাওয়ার পর ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি বলেছিলেন, তার দল এফএ কাপের ফাইনালে উঠবে ও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে এক গোলে হারিয়ে ঠিকই ফাইনালে উঠেছে ম্যান সিটি। আর ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগেও খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে মানচিনির দল।
খেলার শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যান সিটি। ডেভিড সিলভার বাঁ-পায়ের শট গোল-লাইন থেকে ফিরিয়ে দেন ব্ল্যাকবার্নের রক্ষণভাগের খেলোয়াড় মিশেল সালগাদো।
রক্ষণাত্মক ফুটবল খেলে ব্ল্যাকবার্ন বেশ ভালোভাবেই ম্যান সিটিকে ঠেকিয়ে রাখছিল। এর মধ্যে পাল্টা আক্রমণ চালালে ব্ল্যাকবার্নের জেসন রবার্টসকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দেন ম্যান সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। পেনাল্টির জন্য আবেদন করে ব্ল্যাকবার্ন। তবে রেফারি আন্দ্রে মারিনে তা নাকচ করে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেও এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যান সিটি। সিলভার বাড়ানো বল পেয়ে যান গোলপোস্টের কাছে দাঁড়ানো ইয়াইয়া তোরে। বলে মাথাও ছোঁয়ান তিনি। কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।
খেলার ১৮ মিনিট বাকি থাকতে জনসনের বদলে জেকোকে নামান মানচিনি।
এর ৩ মিনিট পর জয়সূচক গোল করেন জেকো। পায়ের অসাধারণ কাজ দেখিয়ে ব্ল্যার্কবার্নের বক্সে সিলভার কাছে বল ঠেলে দেন বেরি। সিলভা গোলপোস্টে শট নিলেও বল গিয়ে পড়ে জেকোর পায়ে। ৯ গজ দূর থেকে ম্যান সিটির হয়ে নিজের প্রথম গোলটি করেন বসনিয়ার এই খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬১০ঘ.
bdnews24