২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে আর্সেনাল

বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে আর্সেনাল। এই পরাজয়ের ফলে লিগের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৯-এ দাঁড়িয়েছে। ৩৪ খেলায় ম্যান ইউ'র সংগ্রহ ৭৩। আর আর্সেনালের পয়েন্ট ৬৪। লিগের বাকী চার খেলায় আর্সেনালের জন্য ৯ পয়েন্টের ব্যবধান ঘোচানো কার্যত অসম্ভব। কাগজ-কলমে আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখনো থাকলেও বাস্তবতা বলছে, টানা ষষ্ঠ মৌসুমের মতো ইপিএল'র শিরোপা হারাতে যাচ্ছে আর্সেনাল। খেলার শেষ মিনিটে বোল্টনের তামির কোহেন মাথা দিয়ে আর্সেনালের জালে বল জড়িয়েই সর্বনাশটা করেন। এর আগে নিজেদের মাঠে প্রথমার্ধের ৩৮ মিনিটে ড্যানিয়েল স্টুরিজের গোলে এগিয়ে যায় বোল্টন। গ্যারি কাহিলে মাথা দিয়ে বল প্রায় ঢুিকয়েই দিয়েছিলেন আর্সেনালের জালে। আক্রমণভাগের খেলোয়াড় সামির নাসরি কোনোমতে গোল সীমানা থেকে দলকে রক্ষা করেন। কিন্তু তাতেও শেষ রক্ষায় হয়নি। ২ গজ দূরে দাঁড়ানো স্টুরিজের পায়ে গিয়ে পড়ে বল। হালকা শটে বোল্টনের হয়ে নবম খেলায় সপ্তম গোল তুলে নেন তিনি। তখনই মনে হচ্ছিল একটা অঘটন ঘটতে যাচ্ছে। ১-০ তে পিছিয়ে বিরতিতে যায় আর্সেনাল। এক গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের খেলা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্সেনাল। মাঝমাঠ দখলে রেখে অসাধারণ ফুটবলের প্রদর্শণ করে তারা। তবে আসল কাজটি করতে পারছিলো না তারা। উল্টো এই অর্ধের শুরুতেই জোহান দেজারুর ভুলে পেনাল্টি সিদ্ধান্ত যায় আর্সেনালের বিপক্ষে। তবে দুই গোলে এগিয়ে যাওয়ার সহজ সুযোগটি হাতছাড়া করেন কেভিন ডেভিস। তার দুর্বল পেনাল্টি শট ঠেকাতে আর্সেনাল গোলরক্ষক সিসেনির খুব একটা কষ্ট হয়নি। এর দুই মিনিট পরেই সমতায় ফেরে আর্সেনাল। বোল্টন বক্সের কোণায় বল পান রবিন ফন পার্সি। আলতো টোকায় বল দেন ফ্যাব্রিগ্যাসকে। ফ্যাব্রিগাস আবার তাকেই বল ফিরিয়ে দেন। বাঁকানো শটে বোল্টনের জালে বল জড়িয়ে প্রথমার্ধে হজম করা গোল ফিরিয়ে দেন নেদারল্যান্ডসের পার্সি। একই সঙ্গে ইতিহাসের পাতায় তুলে ফেলেন নিজের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের মাঠে গিয়ে টানা সাত খেলায় গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। খেলায় জিততে দুদলই মরিয়া হয়ে খেলতে থাকে। তবে তামির কোহেনের শেষ মিনিটের গোল ভেঙ্গে চুরমার করে দেয় আর্সেনালের শিরোপা স্বপ্ন। ২-১ এ হেরে মাঠ ছাড়ে আর্সেনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫০৭ ঘ.