নোয়াখালী, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখী অবস্থান নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও খেলোয়াড়রা।
মেলা আয়োজনের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন খেলোয়াড়রা। দুপুর ১২টা থেকে আধঘন্টার এই কর্মসুচির পর খেলোয়াড়রা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে শতাধিক খেলোয়াড় 'আমরা মাঠ ভাড়া দিয়ে খেতে চাই না, আমরা সারা বছর খেলতে চাই' লেখা ব্যানার নিয়ে সেখানে মানববন্ধন করেন।
খেলোয়াড়দের এই কর্মসূচিতে ক্ষুব্ধ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠ আমার। আমার মাঠে মেলা হলে তাদের ক্ষতি কি? তারা কার অনুমতি নিয়ে মানবন্ধন করেছে? আমার মাঠে এখন থেকে কোনো অনুশীলন চলবে না। অনুশীলন করে তারা মাঠ নষ্ট করে ফেলে।"
মানববন্ধন কর্মসুচিতে সোনার পদক জয়ী দ্রুততম মানবী নাজমুন্নাহার বিউটি ও সাফ গেমসে রুপার পদক জয়ী সুমিতা রানী দাস ছাড়াও রফিকুল হক রনি, আজগর হোসেন, মাঈন উদ্দিন বাপ্পি প্রমুখ বক্তব্য দেন।
তারা বলেন, "আমরা সারা বছর মাঠে খেলাধুলার পাশাপাশি অনুশীলন করতে চাই। স্টেডিয়ামে বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাণিজ্য মেলার জন্য স্টেডিয়াম বরাদ্দ দেয়ায় খেলা বন্ধ থাকবে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।"
তারা অভিযোগ করেন, এর আগেও বানিজ্য মেলার জন্য ষ্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়েছিল। তখন প্রায় তিনমাস স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ ছিল। এছাড়া বাণিজ্য মেলার জন্য ভাড়া দিলে মাঠের অবস্থাও খারাপ হয়ে যায়। ফলে খেলোয়াড়দের খেলতে সমস্যা হয়।
স্টেডিয়ামে আগামী ১ মে থেকে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। এর আয়োজন করছে জেলা শিল্প ও বণিক সমিতি।
এ প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার জৈষ্ঠ্য সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্রীড়া সংস্থার সভা বা কোনো ধরনের আলাপ-অলোচনা ছাড়াই অতীতের মতো স্টেডিয়াম দখল করে বাণিজ্য মেলার নামে জুয়ার আসর বসানোর প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/টিআর/২০৫১ ঘ.
bdnews24