ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেইমারকে নিয়ে কাড়াকাড়ি চলছে বেশ কয়েকদিন ধরে। ব্রাজিলের এই আক্রমণভাগের খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় ইউরোপের বেশ কয়েকটি নামি-দামি ক্লাব। কিন্তু নেইমার বলেছেন, তিনি দল-বদল নিয়ে ভাবছেন না। বরং তার নজর 'কোপা আমেরিকা'র দিকে।
এই প্রতিযোগিতা হবে জুলাইয়ে।
ব্রাজিল লিগে সান্টোসের হয়ে মাঠ কাঁপানো নেইমারকে বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই তাকে দলে টানার জন্য টাকা ভর্তি 'ব্যাগ' নিয়ে অপেক্ষায় আছে বার্সেলোনা, চেলসি ও জুভেন্টাসের মতো খ্যাতনামা ইউরোপের ক্লাব দলগুলো।
'স্কাই স্পোটর্স ২৪'কে দেয়া সাক্ষাৎকারে আক্রমণভাগের এই খেলোয়াড় বলেন, "আমি সত্যিই জানি না ভবিষ্যততে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি সবই স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি। এমন কি আমি এটাও জানি না জুলাইয়ে কি হবে।"
আর্জেন্টিনায় হতে যাওয়া কোপা আমেরিকা নিয়েই এখন সব স্বপ্ন বুনছেন নেইমার। বলেন, "আমার পূর্ণ মনোযোগ এখন কোপা আমেরিকার দিকে। দলে সুযোগ পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।"
ব্রাজিলকে টানা তৃতীয় কোপা শিরোপা এনে দিতে বদ্ধপরিকর নেইমারের ঠিকানা শেষ পর্যন্ত ইউরোপে হবে কিনা তা সময়ই বলে দেবে। সেটা জানতে অপেক্ষা করতে হবে সামনের বছর জানুয়ারী পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৩৩০ ঘ.
bdnews24