ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিড ফেরেরকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।
এবার নিয়ে ছয়বার এই শিরোপা জিতলেন নাদাল। আর দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার চূড়ান্ত খেলায় নাদালের কাছে হার মানলেন ফেরের।
রোববার ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল ৬-২ ও ৬-৪ গেমে হারান তার দেশের খেলোয়াড় ফেরেরকে।
'ক্লে কোর্টে' নাদালের এটি টানা ২৯ জয়। তাকে ক্লে কোর্টের রাজা বলে ডাকা হয়।
শিরোপা জেতার পর নাদাল বলেন, "এই শিরোপা আমার কাছে স্বপ্নের মতো। এই রেকর্ড ভাঙ্গা কঠিন হবে বলেই আমার মনে হয়। কেননা একজন টেনিস খেলোয়াড়ের জন্য ছয় বছর অনেক লম্বা সময়।"
এটি নাদালের ৪৫তম শিরোপা।
২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচবার বার্সেলোনা ওপেনের শিরোপা জেতেন নাদাল। এর মধ্যে ২০০৮ ও ২০০৯ সালের চূড়ান্ত খেলায় তার প্রতিপক্ষ ছিলেন ফেরের। তবে গত বছর চোটের কারণে খেলতে পারেননি নাদাল।
এদিকে এই বছর ফেরের চারটি প্রতিযোগিতায় ফাইনালে ওঠেন। এর মধ্যে দু'টোতে শিরোপা জেতেন তিনি। বাকি দু'টোতে হেরে যান নাদালের কাছে।
নাদাল শেষবার ফেরের কাছে হারেন ২০০৪ সালে। এরপর টানা ১০ খেলায় জেতেন নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৩১ ঘ.
bdnews24