ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মৌসুমে মেসির ৫০তম গোলের দিন বার্সেলোনা ২-০ ব্যবধানে জিতেছে ওসাসুনার বিপক্ষে। আর গঞ্জালো হিগুইনের হ্যাট্রিকে রিয়াল মাদ্রিদ ৬-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভালেন্সিয়াকে।
রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। ৩৩ খেলায় বার্সার পয়েন্ট ৮৮। রিয়ালের ৮০। উভয় দলেরই পাঁচটি করে খেলা বাকি।
বার্সার মাঠ নুক্যাম্পে সমর্থকদের সামনেই রেকর্ড গড়েন মেসি। ওসাসুনার বিপক্ষে মৌসুমের ৫০তম গোল আদায় করে নেন বাঁ পায়ের তীব্র শটে। খেলার তখন ৮৭ মিনিট।
এর আগে প্রথমার্ধের ২৪ মিনিটে ডেভিড ভিয়া বার্সার পক্ষে প্রথম গোল করেন।
বাঁ প্রান্ত থেকে জেফরানের বাড়ানো বল পায়ে পড়তেই চকিত শটে গোল করে বার্সাকে এগিয়ে নেন ভিয়া। ১১ খেলা পর গোল করলেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
২০ এপ্রিল বার্সাকে হারিয়ে কিংস কাপ ঘরে তোলে রিয়াল। খেলা হয়েছিল ভালেন্সিয়ার মাঠ মেস্তালায়। তিন দিন পর আবার মেস্তালায় আসতে হলো রিয়ালকে। এবার প্রতিপক্ষ স্বাগতিক ভালেন্সিয়া।
এদিন মূল একাদশকে মাঠে নামাননি রিয়াল কোচ হোসে মরিনহো। হয়তো 'রিজার্ভ বেঞ্চ'র শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি।
রিয়ালের দ্বিতীয় দলও যে সুন্দর ফুটবল খেলে তার প্রমাণ মিলেছে খেলায়। করিম বেনজামা, গঞ্জালো হিগুইন ও কাকা রীতিমতো ছেলেখেলা করেছেন ভালেন্সিয়াকে নিয়ে। প্রথমার্ধে চার গোল আদায় করে নেন এই তিনজন।
প্রতিটি গোলই এসেছে ডান প্রান্ত থেকে। ২৩ মিনিটে গোলের সূচনা করেন বেনজামা। হিগুইন ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৯ মিনিটে কাকা ও ৪৩ মিনিটে আবারো হিগুইনের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের হ্যাট্রিক আদায় করে নেন হিগুইন। ৬০ মিনিটে রবার্তো সলদাদো একটি গোল শোধ করার পরের মিনিটেই একক প্রচেষ্টায় রিয়ালের গোল সংখ্যা ৬-এ নিয়ে যান কাকা।
ছয় গোলে এগিয়ে থাকার কারণে হয়তো একটু হাল্কা মেজাজে ছিল মরিনহোর দল। এছাড়া তিন খেলোয়াড় বদল করায় রিয়ালের গুছিয়ে উঠতেও একটু সময় লাগছিল।
এই সুযোগে অতিথিদের ওপর আক্রমণের বন্যা বইয়ে দেয় ভালেন্সিয়া। আদায় করে দু'টো গোলও।
৮১ ও ৮৫ মিনিটে গোল দুটো করেন জোনাস ও জরদি আলবা।
যদিও এরই মাঝে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় ভালেন্সিয়া।
আর ইকার ক্যাসিয়াস অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন জরদি আলবার দারুণ একটি শট।
শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও রক্ষণভাগের দুর্বলতা ঢাকতে পারেনি রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/টিআর/১৮৪৯ ঘ.
bdnews24