২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার কাছাকাছি ম্যান ইউ

হাভিয়ের হার্নান্দেজের একমাত্র গোলে এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাভিয়ের হার্নান্দেজের একমাত্র গোলে এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর চেলসি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ম্যান ইউয়ের ঠিক পেছনেই আছে চেলসি। দল দু'টো জেতায় পয়েন্টের ব্যবধান ৬-ই রয়ে গেল। ৩৪ খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তালিকার শীর্ষে। সমান খেলায় চেলসির পয়েন্ট ৬৭। দিনের অন্যান্য খেলায় ম্যাক্সি রড্রিগুয়েজের হ্যাট্রিকের সুবাদে বার্মিংহাম সিটিকে ৫-০ গোলে হারিয়েছে লিভারপুল। গত সপ্তাহে আর্সেনালকে ৩-৩ গোলে রুখে দিলেও টটেনহ্যাম হটস্পার এবার নিজেরাই পয়েন্ট খুঁইয়েছে। ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্র"মউইচের সঙ্গে। ফলে আগামী বছর টটেনহ্যামের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন আরো ধূসর হয়ে গেল। ৩৩ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি। ৩২ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে ম্যান সিটি রয়েছে চতুর্থ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি ৫ খেলায় ম্যান সিটিকে টপকে যেতে হবে টটনেহ্যামের। তালিকার শীর্ষ চার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে থাকে। ম্যান ইউ ও এভারটনের খেলায় একটা সময় মনে হচ্ছিলো, পয়েন্ট হারাতে যাচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। ৮৪ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত হার্নান্দেজের গোল স্বস্তি এনে দেয় ম্যান ইউকে। এটি নিয়ে ২৪ খেলায় ১২ গোল করলেন হার্নান্দেজ। এদিকে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির পক্ষে গোল দেন ফার্নান্দো তোরেস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও ফ্লোরেন্ত মালুদা। দলের হয়ে এই প্রথম গোল করলেন তোরেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/টিআর/১৭৪০ ঘ.