ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রোববার লড়াইয়ে নামছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফারাশগঞ্জ স্পের্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে খেলাটি।
এবার এমন দুটি দল স্বাধীনতা কাপের শিরোপার লাইয়ে নামছে, ঢাকার ফুটবল ইতিহাসে যাদের কোনো ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। দ্বিতীয় সারির এ দুই দল ফাইনালে উঠে তাই একরকম চমকই দেখিয়েছে।
আর তারা বিদায় করে দিয়েছে চার জায়ান্ট মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডানকে।
শেখ রাসেল সেমিফাইনালে ঢাকা মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। তেমনি ফরাশগঞ্জও ফাইনালে উঠতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একই ব্যবধানে হারায়।
তুলনামূলক বড় দলগুলোকে হারিয়ে ফাইনালে খেলতে আসা এ দল দু'টি শক্তির বিচারে প্রায় সম পর্যায়ের। তাই কোনো দলকেই খুব একটা এগিয়ে রাখা যায় না।
তাই দুই দলই জয়ের ব্যপারে দৃঢ় আশাবাদী। কেউ কাউকে নূন্যতম ছাড় দিতে নারাজ।
শেখ রাসেল কোচ মাহমদুল হক লিটন বলেন, "ফাইনালে উঠেছি, তাই চ্যাম্পিয়ন না হয়ে ফিরতে চাই না। এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। আশা রাখি খেলোয়াড়রাও প্রত্যাশা মাফিক খেলে দলকে সে অধরা জয়টি এনে দেবে।
"দলে কোনো কার্ড সমস্যা নেই, নেই ইনজুরি সমস্যাও। তাই আমারা পুরো শক্তির দল নিয়ে খেলতে পারবো। প্রতিপক্ষের বিপক্ষে জয় পওয়ার মতো যোগ্যতাও আমাদের আছে"
ফারশগঞ্জ কোচ কামাল বাবু বলেন, "চ্যাম্পিয়নের বিকল্প কিছু ভাবনার কোনো অবকাশ নেই। সামর্থ্যরে পুরোটা দিয়ে খেলে যাবো। আশারখি জয় আমাদের দুয়ারে এসে ধরা দেবেই। তবে প্রতিপক্ষের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় এডওয়ার্ড ভিক্টর কিছুটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তাকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে।
"আক্রমণভাগের দুই খেলোয়াড় সিও জুনাপিও ও শ্যামল আহমেদ রনি আগের খেলায় লাল কার্ড পাওয়ায় ফাইনালে খেলতে পারছেন না। তা দলের জন্য একটা বড় ক্ষতি। তাছাড়া ইনজুরিতে রয়েছেন দুই বিদেশি খেলোয়াড় ইদ্রিস ও জনসন। তারপরও প্রতিপক্ষকে রুখে দেওয়ার সামর্থ্য অমাদের আছে।"
কামাল বাবু আরো বলেন, "নিজেদের রক্ষণভাগকে আগলে রেখেই আমরা আক্রমণে যাবো। এতে সফল হবো বলে আমাদের বিশ্বাস।"
ফরাশগঞ্জের এর আগে সবচেয়ে বড় অর্জন সুপার কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন হওয়া। সেবার তারা কাপ পর্বেও উঠতে পারেনি। তেমনি শেখ রাসেলেরও উল্লেখ করার মতো কোনো সফলতা নেই। তারা এর আগে কখনোই কোনো প্রতিযোগিতার ফাইনালে খেলতে পারেনি।
এদিকে ফাইনালে টিকিটের দাম অপরিবর্তিত আছে। গ্যালারির টিকিট ২০ টাকা এবং ভিআইটি টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাউন্টারে বিকাল ৩টা থেকে টিকিট পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/ডিডি/২০১০ ঘ.
bdnews24