ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে এবার বিদায় নিয়েছে ঢাকা মোহামেডান। বৃহষ্পতিবার সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হার মানে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় এডওয়ার্ড জয়সূচক গোলটি করেন। ঢাকার যে কোনো ফুটবল প্রতিযোগিতায় এবারই প্রথম ফাইনালে উঠলো শেখ রাসেল।
ফাইনালে দলটির প্রতিপক্ষ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এই দলটিও ঢাকার যে কোনো ফুটবল প্রতিযোগিতায় এবারই প্রথম ফাইনালে উঠলো।
চূড়ান্ত খেলা হবে রোববার।
দল দু'টো বিদায় করে দিয়েছে চার বড় ক্লাব ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডানকে। ঢাকার ফুটবলে এর আগে এমনটা কখনই ঘটেনি।
খেলার ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শট নেন এডওয়ার্ড। মোহামেডানের গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটুর কিছু বুঝে ওঠার আগেই বল আশ্রয় নেয় জালে।
প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় শেখ রাসেল। ৪৩ মিনিটে দলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় ফিয়ং ডিয়ুক ফাঁকা গোলপোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি।
তবে দ্বিতীয়ার্ধে ভালোভাবেই খেলায় ফেরে মোহামেডান। চেপেও ধরে শেখ রাসেলকে। গোলের বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু গোলের দেখা মেলেনি। কেননা ত্রাতা হয়ে আবির্ভাব ঘটেছিল শেখ রাসেলের গোলরক্ষক মামুন খানের।
খেলার ৫২ মিনিটে তীব্র শট নেন মোহামেডানের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় সানডে। কিন্তু অসাধারণ দক্ষতায় তা রুখে দেন মামুন।
মোহামেডান সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করে ৬৫ মিনিটে। দলের বিদেশি খেলোয়াড় আমানি বল নিয়ে ঢুকে পড়েন শেখ রাসেলের বক্সে। এরপর নেন প্রচণ্ড শট। কিন্তু মামুনের পায়ে লেগে ফিরে আসে বল।
খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মাঝমাঠের তরুণ খেলোয়াড় শরিফুল ইসলাম দারুণ একটি শট নেন। কিন্তু আবারো মামুন তা প্রতিহত করেন।
প্রথমার্ধেও মোহামেডান কয়েকটি সুযোগ পায়। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি দলের আক্রমণভাগের খেলোয়াড়রা।
কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে সেমিফাইনালে ওঠে মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১৫ ঘ.
bdnews24