ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরেকটি অঘটন ঘটিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ফারাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ঢাকা আবাহনীর পর এবার তাদের অঘটনের শিকার হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বৃহষ্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জ ১-০ গোলে হারায় শেখ জামালকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন সোহেল রানা।
ফরাশগঞ্জের দু'জন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাকে কাজে লাগাতে পারেনি শেখ জামাল। বরং বেশিরভাগ সময় প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল দলটি।
অথচ ১০ জনের দল নিয়ে ঠিকই গোল আদায় করে নেয় ফরাশগঞ্জ। ৩৯ মিনিটে দলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় সিও জুনাপিও লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর আক্ষরিক অর্থেই আরো দুর্বার হয়ে ওঠে তারা।
এর ফল পায় তারা দ্বিতীয়ার্ধের শুরুতেই। খেলার ৫১ মিনিটে সোহেল রানা দলকে এগিয়ে নেন এবং শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ।
বৃষ্টির জন্য খেলা ২৬ মিনিট বন্ধ ছিল। এছাড়া ৩৯ মিনিটে জুনাপিওকে লাল কার্ড দেখালে খেলতে অস্বীকার করে ফরাশগঞ্জ। সে সময় খেলা বন্ধ ছিল ৯ মিনিট। শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় আরিফুল ইসলামকে অবৈধভাবে মাটিতে ফেলে দিলে রেফারি আজাদ রহমান জুনাপিওকে লাল কার্ড দেখান।
এরপর অতিরিক্ত সময়ে (৯০ ) ফরাশগঞ্জের শ্যামল আহমেদ রনি দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
ঢাকার যে কোন ফুটবল প্রতিযোগিতায় এই প্রথম ফাইনালে উঠলো ফরাশগঞ্জ। ১৯৮৩ সালে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায় দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩০৩ ঘ.
bdnews24