ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পালের্মোর সঙ্গে ২-২ গোলে ড্র করে কোপা ইতালিয়া কাপের ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে এসি মিলান।
শেষ চারের লড়াইয়ের প্রথম খেলায় বুধবার পিছিয়ে পড়েও মিলান ড্র করে উরবি ইমানুয়েলসানের গোলে।
ফিরতি খেলায় দু'দল মুখোমুখি হবে ১০ মে।
রাজকীয়ভাবে শুরু করে মিলান। চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তারকা খেলোয়াড় জলাতন ইব্রাহিমোভিচ। তবে ১০ মিনিট পরই হাভিয়ের পাস্তোরের গোলে সমতা ফেরায় পালের্মো।
মাউরিসিও পিনিল্লা যেন উঠে-পড়ে লেগেছেন পালের্মোয় নিজের জায়গা পাকা করতে। হাওয়ায় ভাসিয়ে এত সুন্দর করে বল ফেলেন তিনি এসি মিলানের বক্সে, যা থেকে পাস্তোরে গোল না পেলে বিষয়টা দৃষ্টিকটু হতো।
প্রথমার্ধের বাকি সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি মিলান।
দ্বিতীয়ার্ধ ছিল আবার পালের্মোর দখলে। ছোট ছোটভাবে বল আদান-প্রদান করে মিলানের রক্ষণভাগে হানা দিয়েছে তারা। ৭ মিনিটের মধ্যেই ফলপেয়েছে। বদলি খেলোয়াড় হোসিপ লিলিচের কাছ থেকে বল পান পাস্তোরে। বাঁ প্রান্তে হার্নান্দেজকে বল দেন তিনি। কঠিন কোণ থেকে মিলানের গোলপোস্টের ডানদিতে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি।
৭২ মিনিটে পালের্মোর জয় নিশ্চিত হয়ে যেতো, যদি লিলিচের শট মিলান গোলপোস্টে হাওয়া লাগিয়ে বের না হয়ে যেতো।
৭৬ মিনিটে মিলান সমতাসূচক গোলের দেখা পায়। ইব্রাহিমোভিচকে শুয়ে পড়ে 'ট্যাকল' করেন দরিন গুইয়ান। বল চলে যায় বদলি খেলোয়াড় ইমানুয়েলসনের কাছে। সহজেই বল জালে পাঠিয়ে দেন তিনি।
দু'দলই সুন্দর ফুটবল উপহার দিয়েছে। জয় না পেলেও এসি মিলানের মাঠে ২ গোল করার সুবাদে নিজেদের মাঠে এগিয়ে থেকেই মাঠে নামবে পালের্মো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/২১৪২ ঘ.
bdnews24