ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস কাপের শিরোপা দলের সবাইকে উৎসর্গ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে হারিয়ে ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম কোনো শিরোপা জিতলো রিয়াল। আর কিংস কাপের শিরোপা ঘরে এলো ১৭ বছর পর।
ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক একমাত্র গোলের মধ্য দিয়ে বার্সার বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছেন কোচ মরিনহো।
সংবাদ সম্মেলনে চিরচেনা সেই প্রত্যয়ী মরিনহো বলেন, "এই শিরোপা আমার নয়। দলের সবাই এই জয়ের পেছনে ভূমিকা রেখেছেন।"
কিন্তু শুধু শিরোপা জেতাই নাকি মরিনহোর কাজ নয়, "মাদ্রিদের হয় শিরোপা জেতা নিঃসন্দেহে সুখকর। কিন্তু আমি এখানে শুধু শিরোপা জিততে আসিনি। দলের কাঠামো ও মানুষগুলোর চিন্তা-চেতনা পরিবর্তন করাই আমার মূল লক্ষ্য। যদি আজ (বুধবার) কাপ জিততে নাও পারতাম, তাহলে বড়জোড় মন খারাপ হতো; এর বেশি নয়।"
চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ দলের খেলোয়াড়দের প্রশংসা করতে গিয়ে বলেন, "আমরা খুব কম ভুল করেছি এবং পুরো খেলায় আমরা কৌশলী ছিলাম। অতিরিক্ত সময়ে বার্সাকে অনেক ক্লান্ত মনে হয়েছে।"
দু'দলই ভালো খেলেছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রথমার্ধে ছিল আমাদের। আর দ্বিতীয়ার্ধ তাদের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/২১১৭ ঘ.
bdnews24