ভ্যালেন্সিয়া, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিরিক্ত সময়ের গোলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে ১৮ বছর পর কিংস কাপ জিতলো রিয়াল মাদ্রিদ।
১৮ দিনের মধ্যে বুধবার রাতে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হলো স্পেনিশ দুই জায়ান্ট। আগের খেলাটি ছিলো লা লিগার, তাতে কোনো ফলাফল আসেনি।
তবে দ্বিতীয় খেলায় সে সুযোগ ছিলো না, কারণ এটি ছিলো টুর্নামেন্টের ফাইনাল। ফলে হার-জিত আসতেই হতো। আর তা এলোও, শেষ হাসি হাসলেন হোসে মরিনহো।
বার্সেলোনার বিপক্ষে গোলখরা কাটিয়ে গত শনিবার আগের খেলায়ই গোল করেছিলেন রোনালদো। সেটি ছিলো পেনাল্টি থেকে। তবে বুধবার রাতে গোলটি করেছেন অ্যাঞ্জেল দি মারিয়ার ক্রসে মাথা ছুঁইয়ে। এনিয়ে চলতি মৌসুমে ৪২টি গোল হলো তার।
তবে এ জয়ের কৃতিত্ব দাবি করতেই পারেন রিয়াল গোলরক্ষক ইকর ক্যাসিলাস। লিওনেল মেসি, ডেভিড ভিয়া ও আন্দ্রে ইনিয়েস্তার কয়েকটি প্রচেষ্টা তিনি রুখে দিয়েছেন।
২০০৮ সালের মে মাসের পর বার্সেলোনার বিপক্ষে এটিই রিয়ালের প্রথম জয়। কিংস কাপ জয়ের ফলে মরিনহোর ধারাবাহিকতা অটুট রইলো। ২০০৩ সাল থেকে প্রতি বছরই একটি করে কাপ জিতে আসছেন তিনি।
কিংস কাপ তো হারালেন, এবার চ্যাম্পিয়ান্স লিগের জন্য প্রস্তুতি নিতে হবে পেপ গার্দিওলাকে। আগামী বুধবারই সেমিফাইনালের প্রথম পর্বে মুখোমুখি হবে দল দুটি। এরপর থাকবে ফিরতি পর্বের খেলা। ফলে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছেই মেসিদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০২০ ঘ.
bdnews24