ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে নিউক্যাসেল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবারের গোলশূন্য এ ড্রয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ম্যান ইউ'র পয়েন্ট ব্যবধান দাঁড়ালো ৭। যদিও আর্সেনাল ১ ম্যাচ কম খেলেছে।
৩৩ খেলায় ম্যান ইউয়ের সংগ্রহ ৭০ পয়েন্ট। আর ৩২ খেলায় আর্সেনালের পয়েন্ট ৬৩।
চলতি সপ্তাহটা ম্যান ইউয়ের জন্য ভালো যায়নি। শনিবার ম্যান সিটির কাছে হেরে এফএ কাপ থেকে ছিটকে পড়তে না পড়তেই নিউক্যাসেলের মাঠ সেন্ট জেমস পার্কে গিয়ে পয়েন্ট হারাল তারা।
এই মৌসুমে প্রতিপক্ষের মাঠে ১৭ বার নেমে ৯ বার ড্র করেছে ম্যান ইউ। জিতেছে ৫টিতে আর হার ৩ খেলায়।
ম্যান সিটির কাছে হেরে যাওয়ার দলটিতে ৫টি পরিবর্তন এনে নিউক্যাসেলের বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। দুই খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ওয়েন রুনি। মাঠে নেমেছিলেন 'সুপারসাব' মাইকেল ওয়েন। তাতেও কাজের কাজ কিছু হয়নি। আসেনি কাক্সিক্ষত গোল।
খেলার শুরুটা অবশ্য ইঙ্গিত দিয়েছিল অন্যকিছুর। খেলার বয়স তখন মাত্র ২ মিনিট। বাঁ প্রান্ত দিয়ে ওয়েন রুনি তীব্র বেগে ঢুকে পড়ে হাওয়ায় ভাসিয়ে নিউক্যাসেলের বক্সে বল পাঠিয়ে দেন। জায়গামতো থাকা হাভিয়ার হার্নান্দেজ তখন বল জালে ঢোকানোর অপেক্ষায়। কিন্তু, গোলরক্ষক টিম ক্রুল সে যাত্রায় রক্ষা করেন নিউক্যাসেলকে।
প্রথমার্ধের ওই আক্রমণটাই ম্যান ইউ'র সম্বল। বাকী অংশটুকু নিউক্যাসেলের। অসাধারণ বল আদান-প্রদান, মাঝমাঠের দখলের পাশাপাশি বার বার ম্যান ইউ রক্ষণে আক্রমণ করে ভীতি ছড়িয়েছিল স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধের চিত্র আবার একবারে উল্টো। ম্যান ইউয়ের সামনে দাঁড়াতেই পারে নি নিউক্যাসেল। কিন্তু, রক্ষণ আগলে রেখে একটি পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে।
চলতি মৌসুমে ইপিএলের সবোর্চ্চ গোলদাতা দিমিত্রি বারবাতভকে (২১ গোল) না নামিয়েই হয়তো পয়েন্ট হারানোর মাসুল দিলেন ম্যান ইউ কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯০৭ ঘ.
bdnews24