ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রদর্শনী ম্যাচ খেলতে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলকে ঢাকায় আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ নিয়ে মঙ্গলবার বিকেলে ভারতীয় এজেন্টদের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বৈঠক হয়েছে।
আগামী ২ সেপ্টেম্বর ভারতের কলকতায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছে। তারই সূত্র ধরে বাফুফে চাইছে এ দুটি দলকে ঢাকায় আনতে।
তবে আর্জেন্টিনাকে ঢাকায় আনতে হলে বাংলাদেশকে পাল্লা দিতে হবে মালয়েশিয়ার সঙ্গে। যারা যতো বেশি সুবিধা দেবে তাদের দেশে যাবে আর্জেন্টিনা।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল বলেন, আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলকে ঢাকায় আনতে বাংলাদেশের প্রায় ৩০ কোটি টাকার মতো খরচ হতে পারে। আমরা চেষ্টা করছি হয়তো, সফল হব।
"ফুটবলের পুনর্জাগরণের জন্য এ দুটি দলকে ঢাকায় আনার পরিকল্পনা। আমাদের আশা এর মধ্যমে ফুটবল তার হৃতগৌরব ফিরে পাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/পিডি/২১৪৬ ঘ.
bdnews24