২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ধাক্কা খেলো আর্সেনাল

লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা দৌড়ে বেশ বড়সড় ধাক্কা খেল আর্সেনাল। এর ফলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়লো তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা দৌড়ে বেশ বড়সড় ধাক্কা খেল আর্সেনাল। এর ফলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়লো তারা। লিগের বাকী ৬ খেলায় এই ব্যবধান ঘুচিয়ে ইপিএল শিরোপা আদায় করে নেয়া আর্সেনালের জন্য বেশ কঠিন হয়ে পড়লো। ৩২ খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল তালিকায় দ্বিতীয় স্থানে। সমান খেলায় ম্যান ইউ'র পয়েন্ট ৬৯। ফুটবলে সব কিছুই সম্ভব। তাই তো নির্ধারিত সময়ের আর্সেনাল-লিভারপুল ম্যাড়ম্যাড়ে লড়াইটাই অতিরিক্ত সময়ে দারুণ জমে উঠে। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে (৯০ ৮) রবিন ফন পার্সির পেনাল্টি আর্সেনালের জয় প্রায় নিশ্চিত করে দিয়েছিল। কিন্তু শেষ মিনিটে (৯০ ১২) ডার্ক কুইটের পেনাল্টিতে ১ পয়েন্ট ছিনিয়ে নেয় লিভারপুল। যদিও খেলার শুরু থেকেই মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। তবে তাদের বারবার নিরাশ করছিলেন লিভারপুল গোলরক্ষক হোসে রায়না। আর্সেনালের একের পর এক আক্রমণ নিজের বিশ্বস্ত দু'হাতে প্রতিহত করেন তিনি। সেস ফ্যাব্রিগাস, সামির নাসরি, থিও ওয়ালকট ও রবিন ফন পার্সির চাপে তখন লিভারপুলের রক্ষণভাগ দিশেহারা। প্রথমার্ধে গোল আদায় করা ছাড়া আর্সেনাল যথাসম্ভব সবই করেছে। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে অ্যান্ডি ক্যারোল মাঠের বাইরে চলে গেলে বিপদ বেড়ে যায় অতিথি লিভারপুলের। তবে এই অর্ধে এলোমেলো ফুটবল খেলতে শুরু করে আর্সেনাল। সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয় তাদের। চতুর্থ রেফারি ৯০ মিনিটের সময় ইলেকট্রনিক বোর্ডে উঁচিয়ে ধরে জনান দেন অতিরিক্ত সময় আট মিনিট। এই সময়ে হঠাৎকরেই যেন আর্সেনাল খেলোয়াড়রা নিজেদের ফিরে পান। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে লিভারপুলের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। ৭ মিনিটের মধ্যেই ফলাফল। সেস ফ্যাব্রিগাসকে বক্সের ভেতর ফেলে দেন জে পিয়ারিং। পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে জয়ের দুয়ারে নিয়ে যান রবিন ফন পার্সি। পেনাল্টি নিতে দেরী হওয়ায় রেফারি অতিরিক্ত সময় আরও চার মিনিট বাড়িয়ে দেন। খেলার তখন শেষ মিনিট। আগত জয়ের উল্লাসে মত্ত আর্সেনাল সমর্থকেরা। তখনই বিপত্তি। লুই সুয়ারেজের হাওয়ায় ভাসানো বল ধরতে এগিয়ে আসা লুকাসকে অহেতুক ধাক্কা দেন আর্সেনালের ইমানুয়েল ইবু। লুকাস বলটা আয়ত্তে নিতে পারলেও সেই জায়গা থেকে গোল করা বেশ অসম্ভবই ছিলো। কিন্তু ধাক্কাটা যেহেতু আর্সেনাল বক্সেই দেয়া হয়েছে, তাই পেনাল্টি পেলো অতিথিরা। ডার্ক কুইটের পেনাল্টি শট আর্সেনাল গোলরক্ষক সিসেসনিকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। ১-১ গোলের সমতায় শেষ হয় খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৬৫১ ঘ.