ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমস মগার হ্যাট্রিকের সুবাদে স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
এ জয়ের ফলে মুক্তিযোদ্ধা 'সি' গ্র"প চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠলো। কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। একই গ্র"প থেকে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফেনী সকার ক্লাব। শেষ আটে ফেনী খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে এ নিয়ে দ্বিতীয়বার হলো এই দুই দলের খেলা। আগেরদিন ঝড়ের কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণার আগে ৬৫ মিনিট খেলা হয়। তখন মুক্তিযোদ্ধা ৩-০ গোলে এগিয়েছিল।
শুরু থেকেই আরামবাগকে চেপে ধরে মুক্তিযোদ্ধা। তবে গোল পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। ২৮ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে প্রথম গোল করেন নাসির। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল তারা।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মুক্তিযোদ্ধা। এর ফলও পায় দলটি হাতেনাতে। ৫৩ মিনিটে দলের আক্রমণভাগের সুদানের খেলোয়াড় মগা ব্যবধান বাড়ান। ৭২ মিনিটে আরেকটি গোল করেন তিনি। আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠোকেন তিনি ৮৬ মিনিটে। সেই সঙ্গে আদায় করে নেন হ্যাট্রিক।
আরামবাগের পক্ষে একমাত্র গোলটি দেন লিটন।
সোমবার কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ঢাকা আবাহনী লড়বে ফরাশগঞ্জের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৮ ঘ.
bdnews24