২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র-তেই শিরোপা জয়ের পথে বার্সা

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলায় জিততে পারেনি কোনো দলই। তবে এই ড্র-ই টানা তৃতীয়বার শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে লিওনেল মেসির দলকে। পেনাল্টি থেকে পাওয়া তার গোলটি শোধও হয়েছে একইভাবেই, আর তা রোনালদোর পা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 03:25 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

মাদ্রিদ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলায় জিততে পারেনি কোনো দলই। তবে এই ড্র-ই টানা তৃতীয়বার শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে লিওনেল মেসির দলকে। পেনাল্টি থেকে পাওয়া তার গোলটি শোধও হয়েছে একইভাবেই, আর তা রোনালদোর পা থেকে। শনিবার নিজেদের মাঠ বার্নেব্যুতে লা লিগার খেলায় বার্সার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল, যদিও প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ প্রায় পুরোটাই ধরে রেখেছিলো পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও তাতে রেফারির 'বদান্যতা' ছিলো বলে অভিযোগ করতেই পারে বার্সা সমর্থকরা। কারণ ডেভিড ভিয়াকে ডি বক্সে যেভাবে ফেললেন ইকর ক্যাসিয়াস, তাতে পেনাল্টি হওয়াটাই সঙ্গত ছিলো। দ্বিতীয়ার্ধে এসে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। ৫৩ মিনিটে সেই ভিয়াকেই ফাউল করে লাল কার্ড দেখেন রাউল আলবয়েল। আর পেনাল্টিতে গোল এনে দেন লিওনেল মেসি, যাকে রোনালদোভক্ত ছাড়া অন্যরা এ মূহূর্তে বিশ্বের সেরা ফুটবলার মানেন। আর রিয়ালের বিপক্ষে গোল করা প্রায় অভ্যাসেই পরিণত করেছেন তিনি। ১০ জনের দল নিয়েও হোসে মরিনহোর শিষ্যরা লড়াই চালিয়ে যেতে থাকে। এরই এক পর্যায়ে ৮২ মিনিটে ডি বক্সে মার্সেলোকে দানি আলভেসকে ফেলে দিলে আবার পেনাল্টির বাঁশী। গোল করলেন আরেক সেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সার বিরুদ্ধে তার যে গোলখরা ছিলো, তাও কাটলো এর মধ্য দিয়ে। খেলার শেষ মিনিটে রিয়ালকে এগিয়ে দিতে পারতেন জার্মান স্ট্রাইকার সামি খেদিরা। তবে বলটি সরাসরি বার্সার গোলরক্ষক ভালদেসের হাতে তুলে দিয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। এল ক্লাসিকোয় এ ড্রয়ের ফলে শিরোপার সুবাতাস পেতে শুরু করেছে বার্সা। ৩২ খেলায় ৮৫ পয়েন্ট নিয়ে রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। তবে এখনি আবেগে না ভাসতে শিষ্যদের সতর্ক করলেন গার্দিওলা। তিনি বললেন, "এখনি নিজেদের চ্যাম্পিয়ান ভাবাটা ঠিক হবে না। আমরা ৮ পয়েন্ট এগিয়ে আছি সত্য। তবে ছয় খেলা এখনো বাকি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯২০ ঘ.