ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় ঢাকা আবাহনী ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। গোলটি দেন দলের আক্রমণভাগের ঘানার খেলোয়াড় থুয়াম ফ্রাঙ্ক।
এই জয়ের ফলে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আবাহনী। শেষ আটে দলটির প্রতিপক্ষ ফরাশগঞ্জ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রীতিমতো পরীক্ষা দিতে হয়েছে আবাহনীকে। শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে লড়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। মাঝে মধ্যে কাঁপিয়েও দিয়েছে আবাহনীর রক্ষণভাগকে।
ব্রাদার্সের মাঝমাঠের ব্রাজিলের খেলোয়াড় এভারটন বেশ কয়েকবার বল ঠেলে দেন আবাহনীর বক্সে। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা তা কাজে লাগাতে পারেননি।
এই জায়গাতেই ব্যতিক্রম ছিলেন আবাহনীর আক্রমণভাগের খেলোয়াড়রা। একটি সুযোগ পেয়েই গোল আদায় করে নেন তারা। জয়সূচক গোলটি করেন ফ্রাঙ্ক ৩৬ মিনিটে।
আবাহনী আগের খেলায় ২-১ গোলে হারায় চট্টগ্রাম মোহামেডানকে। তাই দুই খেলার দু'টিতেই জিতে শেষ আটে জায়গা করে নেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৫ ঘ.
bdnews24