ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাখতারের দোনেৎস্কের বিপক্ষে ফিরতি খেলায় মঙ্গলবার ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ৬-১ গোলে এগিয়ে থাকায় দলটি উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।
সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পাওয়ার সম্ভাবনাই বেশি।
ইউক্রেনের দল শাখতারের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামে পেপ গার্দিওলার দল। মৌসুমের ৪৮তম গোল করে বার্সাকে জেতান লিওনেল মেসি।
প্রথম খেলায় শাখতারকে ৫-১ গোলে হারায় বার্সা। ফিরতি খেলায় মাত্র ১-০ গোলের জয় নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রচণ্ড ঠাণ্ডায় বার্সার খেলোয়াড়দের খুব কাঁবু মনে হচ্ছিল।
নিজেদের পরিচিত পরিবেশে ইউক্রেন চ্যাম্পিয়ন শাখতার যে ভালো খেলবে তা বলাই বাহুল্য। শুরুতে বার্সাকে চেপেও ধরে দলটি। গোলরক্ষক ভিক্টর ভালদেসকে বেশ কয়েকবার শক্ত পরীক্ষায় পড়তে হয়। তবে ধীরে ধীরে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেয় বার্সা। খেলার দখল চলে আসে তাদের হাতে।
খেলার ৪৩ মিনিটে গোল করেন মেসি। দানি আলভেজের বাড়িয়ে দেয়া বল শাখতারের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।
রিয়াল তাদের শেষ আটের লড়াইয়ে প্রথম খেলায় ৪-০ গোলে উড়িয়ে দেয় টটেনহাম হটস্পারকে। বুধবার ফিরতি খেলায় মুখোমুখি হবে দল দু'টো। টটেনহাম ৫-১ গোলে জিতলেই কেবল শেষ চারে জায়গা পাবে, যা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে।
রিয়াল শেষ চারে জায়গা পেলে ১৮ দিনের মধ্যে চারবার মুখোমুখি হবে রিয়াল ও বার্সা, লা লিগা, কিংস কাপের ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দু'টো ম্যাচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/টিআর/১৯১০ ঘ.
bdnews24