ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম) - স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার রহমতগঞ্জ ও ফরাশগঞ্জের খেলা ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কেউ কাউকে ছেড়ে বলেনি। ফরাশগঞ্জ আক্রমণে গেছে তো পাল্টা আক্রমণে জবাব দিয়েছে রহমতগঞ্জ।
খেলার ১০ মিনিটে শ্যামল আহমেদ রনি মাঝমাঠ থেকে বল পেয়ে গড়ানো শটে গোল করে ফারশগঞ্জকে এগিয়ে নেন। রহমতগঞ্জ গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি। ব্যর্থতা ছিলো রক্ষণভাগের খেলোয়াড়দেরও।
ছয় মিনিটের ব্যবধানে গোল শোধ করে রহমতগঞ্জ। শিরফিন রহমান রনির ফ্রি কিক থেকে আক্রমণভাগের খেলোয়াড় ফেলিক্স মথা দিয়ে ঠুকে গোল করে খেলায় সমতা (১-১) আনেন।
প্রথমার্ধের ৪২ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় দুম্বা মাইকেল একক প্রচেষ্টায় ডান প্রান্তদিয়ে বল নিয়ে বক্সে ঢুকেই জোরালো শটে গোল করলে এগিয়ে (২-১) যায় রহমতগঞ্জ।
প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে রহমতগঞ্জ। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখতে পারেনি তারা। এতে তাদের বেশ চেপে ধরে ফরাশগঞ্জ। এসময় একটি গোলও আদায় করে নেয় তারা।
খেলার ৬৬ মিনিটে সিও জুনাপিও'র সুযোগসন্ধানী গোলে খেলার সমতা (২-২) ফেরায় ফরাশগঞ্জ। রহমতগগেঞ্জর ডি বক্সের ভেতরে জটলা থেকে জুনাপিও আচমকা শটে গোল করে দলকে হার থেকে রক্ষা করেন।
এ ড্রয়ের ফলে দুই দলেই ঝুলিতে পুরেছে একপয়েন্ট করে।
তবে দুই খেলা থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে ফরাশঞ্জের কোয়ার্টার ফাইনালে ওঠা অনেকটাই অনিশ্চত। তারা আগের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪-২ গোলে হেরেছিল।
প্রথম খেলায় জিতে শেখ জামাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে শেষ আটে খেলা। 'এ' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে শেখ জামালের সঙ্গী কোন দল তা এখনও নিশ্চিত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/এসএনএল/১৯৩৭ ঘ.
bdnews24