ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির 'সেরি আ'তে ফ্লোরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল এসি মিলান। আর বোলগনাকে ২-০ গোলে হারিয়ে তাদের অনুসরণ করে চলেছে নাপোলি।
রোববার রাতের অপর খেলায় জেনোয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে জুভেন্টাস।
৩২ খেলায় এসি মিলানের সংগ্রহ ৬৮ পয়েন্ট। সমান খেলায় নাপোলির পয়েন্ট ৬৫। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাত বছর ধরে সেরি আ শিরোপা অধরা রয়েছে এসি মিলানের কাছে। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় তারা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মিলান। ৮ মিনিটে ক্লারেন্স সিডর্ফ দুর্দান্ত গোল করে বুঝিয়ে দিয়েছেন জয়ের জন্য কতোটা মরিয়া এসি মিলান।
১৫ থেকে ২০, এই ৫ মিনিটই কেবল মনে হয়েছে ফিওরেন্টিনা নামে কোনো দল খেলছে। ২০ মিনিটের পর আবারও বলের দখল চলে যায় মিলানের কাছে। ৪১ মিনিটে জার্মান বংশোদ্ভূত ঘানার কেভিন প্রিন্স বোয়েটাংয়ের দেয়া বল ধরে ৬ গজ দূর থেকে গোল করে মিলানকে ২-০ তে এগিয়ে নেন অ্যালেকজান্দার পাতো।
৭৮ মিনিট পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি মিলানের দখলে ছিল। কিন্তু জুয়ান ভারগাসের শট গাত্তুসোর বুকে লেগে মিলানের জালে আশ্রয় নিলে খেলায় ফিরে আসে ফিওরেন্টিনা।
এক গোল হজম করে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মিলান। তবে ৮৭ মিনিটে জ্লাতান ইব্রাহিমোচ লাল কার্ড দেখলে বিপদে পড়ে যায় তারা।
শেষ পর্যন্ত রক্ষণভাগের দৃঢ়তায় শেষ কয়েক মিনিটে গোল বাঁচিয়ে ২-১ এ জয় নিয়েই মাঠ ছাড়ে এসি মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮১৩ ঘ.
bdnews24