ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় পিছিয়ে পড়েও ফরাশগঞ্জকে ৪-২ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিনের অন্য খেলায় ঢাকা আবাহনী ২-১ গোলে জেতে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ফরাশগঞ্জের বিপক্ষে ইমানুয়েল আইয়ুকের জোড়া গোলে এই জয় পায় শেখ জামাল।
খেলার ৭ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ডান প্রান্ত থেকে সিও জুনাপিওর বড়ানো বল ধরে আড়াআড়ি শটে গোল করেন রানা।
ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফরাশগঞ্জ। ৩৩ মিনিটে আইয়ুকের গোলে খেলায় সমতা (১-১) ফেরায় শেখ জামাল। আতিকুর রহমান মিশুর বড়ানো বল আইয়ুক মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন।
এরপর উজ্জীবিত হয়ে ওঠে ধানমন্ডির দলটি। চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুজন। ফরাশগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় আব্দুল হামিদ ভাসানী শেখ জামালের আইয়ুককে বক্সের ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
প্রথমার্ধের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আইয়ুক ব্যবধান বাড়ান (৩-১)।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফরাশগঞ্জের পক্ষে গোল করে ব্যবধান (৩-২) কমান খোকন দাস। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে তিনি এ গোলটি করেন। শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় নাসিরুল ইসলাম ফরাশগঞ্জের জুনাপিওকে ফেলে দিলে রোফারি পেনাল্টির নির্দেশ দেন।
৫৭ মিনিটে গোল করে শাকিল আহমেদ ফরাশগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অন্য খেলায় থুয়াম ফ্রাঙ্কের শেষ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে জয় পেলেও রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আবাহনীকে। শক্তিতে পিছিয়ে থাকলেও মোহামেডান সমানতালে লড়ে ৮৯ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল আবাহনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/টিআর/২১৩৮ ঘ.
bdnews24