ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আতে শনিবার ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছে শিভোকে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে একই ব্যবধানে ফুলহ্যামের বিপক্ষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটড।
ফ্লোরেন্ত মালুদার গোলে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে চেলসি জিতেছে ১-০ গেলে। টটেনহাম হটস্পার ৩-২ গোলে হারিয়েছে স্টোক সিটিকে।
সেরি আতে দিনের অপর খেলায় ফ্রান্সেস্কো টট্টির জোড়া গোলে উদিনেসেকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে এসএ রোমা।
পরপর দুই হারের ক্ষত নিয়ে শিভোর বিপক্ষে মাঠে নামে ইন্টার মিলান। এসি মিলানের কাছে ৩-০ গোলে হারার পর নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে জার্মানির দল শালকে ০৪-এর কাছে ৫-২ গোলে হেরেছিল তারা।
এ অবস্থায় ফিরতি খেলায় ৪-০ অথবা ৬-২ গোলের জয়ই পারে ইন্টারকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে তুলতে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তাই খুবই ক্ষীণ দলটির। আর শিভোর সঙ্গে অঘটন ঘটলে জলাজঞ্জি দিতে হতো সেরি আ শিরোপার স্বপ্নও। তাই সঠিক সময়ে জ্বলে উঠলো ইন্টার মিলান। তবে, ইন্টার না বলে মেইকন বলাই যথার্থ হবে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬ মিনিটে মেইকনের কাছ থেকে বল পেয়ে আস্তেবান ক্যাম্বিয়াসো গোল করে এগিয়ে নেন ইন্টারকে। আর ৮৪ মিনিটে নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন মেইকন।
৭৮ মিনিটে শিভো দলপতি সার্জিও পেল্লিসিয়ার সহজ সুযোগ হাতছাড়া না করলে হয়তো একটা অঘটন ঘটেই যেতো।
৩২ খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে তালিকার দ্বিতীয় স্থানে। ৩১ খেলায় ৬৫ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে শীর্ষে।
সামনের সপ্তাহে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই নিয়মিত একাদশের সাত খেলোয়াড়কে বসিয়ে ফুলহ্যামের বিপক্ষে দল সাজিয়েছিলেন কোচ অ্যালেক্স ফার্গুসন। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না ওয়েন রুনিও।
তারপরও জিততে কষ্ট হয়নি ম্যান ইউয়ের। দলের পক্ষে ১২ মিনিটে দিমিতার বারবাতোভ ও ৩২ মিনিটে অ্যান্তনিও ভ্যালেন্সিয়া গোল দু'টো করেন।
উইগ্যান অ্যাথলেটিককে তাদের মাঠেই মৌসুমের শুরতে ৬ গোল দিয়েছিল চেলসি। তারাই শনিবার উইগ্যানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বহু কষ্টে।
চেলসির হয়ে খেলার ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন মালুদা।
৩২ খেলায় ৬৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তালিকার শীর্ষে। ৩১ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে তিন নম্বরে। ৩০ খেলায় ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮০৯ ঘ.
bdnews24